প্রোটিয়াদের নিয়ে চোকার প্রসঙ্গটা উঠলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে শ্রীলঙ্কার সঙ্গে শেষ আটের লড়াই। দক্ষিণ আফ্রিকা তাকিয়ে থাকবে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ব্যাটের দিকে। পেছনে ফারহান বেহারডিয়েন। কাল সিডনির অনুশীলনে l এএফপি
সামনে শ্রীলঙ্কার সঙ্গে শেষ আটের লড়াই। দক্ষিণ আফ্রিকা তাকিয়ে থাকবে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ব্যাটের দিকে। পেছনে ফারহান বেহারডিয়েন। কাল সিডনির অনুশীলনে l এএফপি

বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই গল্পটা একই রকম। ১৯৯২ থেকে ২০১১—প্রতিটি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকা শিরোপার বড় দাবিদার। আবার প্রতিটি বিশ্বকাপেই লেখা হয় দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গের ইতিহাসও। কখনো তারা আটকে যায় অদ্ভুত বৃষ্টি আইনে, কখনো চাপের মুখে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিজেরাই। বড় আসরে খেই হারিয়ে ফেলার ধারায় প্রোটিয়াদের গায়ে সেঁটে গেছে ‘চোকার’ তকমা। তবে এই বিশ্বকাপে সেই গা জ্বালানো অপবাদটা ঘোচাতে চান দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো। অধরা সেই স্বপ্নটা পূরণ করতে চান এ বিশ্বকাপেই।
গত ছয়টি বিশ্বকাপের কোনোটিতেই নকআউট পর্বে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের বিদায় করেছিল ইংল্যান্ড। ১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তারা হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে, পরের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে তারা ছিটকে পড়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টাই করে। ২০০৩ সালে নিজেদের দেশে পেরোতে পারেনি গ্রুপ পর্বই, ২০০৭ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার আর গতবার তাদের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল নিউজিল্যান্ড। এবার বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেও তাই বারবার ঘুরেফিরে আসছে প্রশ্নটা। পারবে কি দক্ষিণ আফ্রিকা? আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিয়েও দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গোকে সংবাদ সম্মেলনে একই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। চোকার অপবাদ যে সত্যি, ডমিঙ্গো সেটি স্বীকার করে নিয়েই বললেন, ‘এটা অনেক দিন ধরেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের অংশ। যখন আমরা এ ধরনের টুর্নামেন্টে এই পর্যায়ে আসি, প্রশ্নটা শুনতে হয়। এটা সত্যি যে অতীতে আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। আশা করছি, সেই ভুলগুলো থেকে পাওয়া শিক্ষা এবার আমাদের কাজে লাগবে।’
এবার গ্রুপ পর্বের ম্যাচেও অবশ্য চাপের মুখে ভেঙে পড়তে দেখা গেছে দক্ষিণ আফ্রিকাকে। রান তাড়া করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের দল দুটি ম্যাচ হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে। তবে নকআউট পর্বে আর সেই ভুল করতে চান না ডমিঙ্গো, ‘যখন এ রকম স্নায়ুচাপের মুহূর্ত আসবে, আমরা চাইব আমাদের মনোযোগটা যাতে সরে না যায়। আমরা আমাদের কৌশলটা ধরে রাখতে চাই যেভাবে খেলে সাম্প্রতিককালে সাফল্য পেয়েছি।’
আর সেটা করতে পারলে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নয়, প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্নটাও সত্যি হবে বলে মনে করেন ডমিঙ্গো, ‘আমরা এই বড় ম্যাচগুলো নিয়ে অনেক কথা বলেছি। কীভাবে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া যায় সেটা আলোচনা করেছি। আমার মনে হয় ছেলেরা এখন সব দিক থেকেই প্রস্তুত।’ এএফপি, রয়টার্স।