প্রোটিয়ারা এবারও আশাবাদী
আরেকটি বিশ্বকাপ। আরও একবার সম্ভাব্য বিজয়ীদের তালিকায় উজ্জ্বল উপস্থিতি নিয়েই আসছে দক্ষিণ আফ্রিকা। এবার কি হবে প্রোটিয়াদের শাপমোচন? ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপটি আলাদা, এ ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার ভজকট পাকানো তো ঢাকার যানজটের মতো নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলই কখনো নিরঙ্কুশ ফেবারিট নয়। তবু দক্ষিণ আফ্রিকাকে কিছুটা এগিয়ে রাখছে সংক্ষিপ্ততম সংস্করণের ক্রিকেটে দলটির ফর্ম। র্যাঙ্কিং বলছে, টি-টোয়েন্টিতে এ মুহূর্তে তৃতীয় সেরা দল তারা। পরশু ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে সিরিজে হেরেছে ঠিকই, কিন্তু উপমহাদেশের মাটিতে তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি রেকর্ড আশা-জাগানিয়া। গত বছর বাংলাদেশ ও ভারতের মাটিতে দুটি সিরিজেই জিতেছে হাশিম আমলার দল।
মিডল অর্ডারে ব্যাটিং ছাড়া দল নিয়েও খুব বেশি প্রশ্ন তোলার জায়গা নেই। সবাই কমবেশি ফর্মে আছেন। নিজেদের দিনে ডি ভিলিয়ার্স, আমলা, ডি কক, মিলাররা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। প্রোটিয়াদের কোচ রাসেল ডমিঙ্গোও আশাবাদী দলকে নিয়ে, ‘আমাদের সুযোগ আছে। এই সংস্করণে আমরাই সবচেয়ে ধারাবাহিক। আত্মবিশ্বাস নিয়েই ওখানে (ভারত) যাব। আমাদের প্রস্তুতি ভালো, বিশ্বের কিছু সেরা খেলোয়াড় আমাদের দলে আছে, দলটাও সুসংহত।’
জয়ের জন্য প্রয়োজনীয় কৌশলও ঠিক করে রেখেছেন ডমিঙ্গো। অবশ্য তাঁর কৌশলের খাতায় খুব বেশি কাটাকাটিও করতে হচ্ছে না। ক্রিকেটের মৌলিক দিকগুলোতেই জোর দিচ্ছেন প্রোটিয়া কোচ, ‘আমাদের খুব বেশি দেখনদারি হওয়া চলবে না। এখানে জাদুর কাঠি বলেও কিছু নেই। চাপের মুখে যে দল মৌলিক দিকটা ঠিক রাখতে পারবে, তারাই জিতবে।’ রয়টার্স।