টেস্ট ক্রিকেটের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা খেলছে নিজেদের মাঠে, পাঁচ নম্বর দল ইংল্যান্ড এখানে তাই পরিষ্কার ‘আন্ডারডগ’। ইতিহাসও ইংল্যান্ডকে শুধুই হতাশা উপহার দেয়, দুই দলের মুখোমুখি গত ছয়টি সিরিজের মাত্র একটিতে জিততে পেরেছে ইংল্যান্ড। তবে ডারবানের বক্সিং ডে টেস্টে এবার লড়াইটা জমতে পারে। প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্ম যে একটু আশা দেখাচ্ছে নতুন চেহারার ইংল্যান্ডকে।
ভারত থেকে যেভাবে হেরে এসেছে, তাতে প্রোটিয়াদের এর চেয়ে নাজুক অবস্থায় ইংল্যান্ড আর পেতে পারত না। শুধু হার বলতে হার, দক্ষিণ আফ্রিকা তো অসহায় আত্মসমর্পণই করেছে ভারতের কাছে। ডারবানে কিংসমিডে দক্ষিণ আফ্রিকার রেকর্ডটাও একটু বেশিই খারাপ, এখানে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই তারা হেরেছে ।
তারপরও যতটা উচ্চকিত কণ্ঠে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক সিরিজ জয়ের কথা বলতে পারতেন, ততটা বোধ হয় বলতে পারছেন না। বোলিংয়ের সবচেয়ে বড় ভরসাকেই যে চোটের জন্য হারিয়ে ফেলতে হয়েছে। পেশিতে টান লেগে আগামীকাল শুরু ডারবান টেস্টে নেই ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনের চোট প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাকেও দিচ্ছে স্বস্তি, ‘অবশ্যই জিমি ওদের সেরা বোলারদের একজন। তাকে হারিয়ে ফেলাটা ওদের জন্য বড় একটা আঘাত।’
ভারত সিরিজটা দক্ষিণ আফ্রিকাকে নাড়া দিয়েছে সন্দেহ নেই। তবে আমলা মনে করিয়ে দিয়েছেন, ফর্ম বিচারে ইংল্যান্ডও খুব একটা ভালো অবস্থায় নেই, ‘দুই দলই আগের সিরিজে হেরেছে। আমার মনে হয় দুই দলই আবার জেগে উঠতে চাইছে।’ আরব আমিরাতে পাকিস্তানের কাছে দক্ষিণ আফ্রিকার মতো স্পিনের ফাঁদেই ডুবেছে ইংল্যান্ড। তবে ডারবানের কিংসমিডে সেটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ঐতিহ্যগতভাবেই দক্ষিণ আফ্রিকার এই পিচ পেসারদের দিকে বন্ধুতার হাত বাড়িয়ে দিয়ে আসছে।
ইংল্যান্ডের প্রস্তুতি অবশ্য ভালোই হয়েছে। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ইনিংস ও ৯১ রানে হারিয়েছে। পতবে আমলা সেটিকে বড় করে দেখছেন না, ‘এটা তেমন কিছু নয়। টেস্ট ক্রিকেট একেবারেই আলাদা, এই চাপের সঙ্গে অন্য কিছুর তুলনা করা কঠিন।’
আমলা নাকি কুক, চাপে কে ভেঙে পড়েন সেটি কাল থেকেই বোঝা যাবে! এএফপি, ক্রিকইনফো।