প্রোটিয়া মেয়েরা আজ আসছে না
সূচি ঘোষণা হয়ে গেছে। সে অনুযায়ী বাংলাদেশ মেয়েদের দলও কক্সবাজার চলে গেছে প্রাক-সিরিজ প্রস্তুতি নিতে। ওখানেই হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা মেয়েদের দলের বিপক্ষে তাদের তিনটি ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টির সিরিজ!
হ্যাঁ, ‘হওয়ার কথা’ই এখন বলতে হচ্ছে কারণ, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ বাংলাদেশে আসছে না দক্ষিণ আফ্রিকার মেয়েদের ক্রিকেট দল। ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে না সিরিজও। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য কাল জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা মেয়েদের দলের সফর বাতিল হয়নি। আগামী ৪-৫ দিনের মধ্যে তারা নতুন করে বাংলাদেশে আসার তারিখ জানাবে। সে পর্যন্ত আমাদের দল কক্সবাজারেই অনুশীলন চালিয়ে যাবে।’
এর আগে নিরাপত্তার কারণে সফর স্থগিত করলেও এবার নাকি সফর পেছানোর অন্য কারণ দেখিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ‘তাদের কয়েকজন খেলোয়াড়ের পরীক্ষাসহ টুকটাক সমস্যা আছে। সে জন্যই কাল (আজ) তারা আসছে না’—বলেছেন মিডিয়া কমিটির প্রধান। তবে প্রশ্ন জাগাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হয়ে এক নেপালি নিরাপত্তা পর্যবেক্ষকের বাংলাদেশ সফর করে যাওয়া। গত পরশু এসে কাল ফিরে গেছেন তিনি। এই পর্যবেক্ষকের রিপোর্ট সফরের সিদ্ধান্তে ভূমিকা রাখবে কি না, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘এখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট হয়েই ফিরে গেছেন তিনি।’
বিসিবি সূত্রে জানা গেছে, সিরিজটা নতুন করে হলেও ১৫ নভেম্বর জিম্বাবুয়ের মহিলা দলও আসবে বলে কমে আসতে পারে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ম্যাচসংখ্যা। এমনকি কক্সবাজার থেকে কিছু ম্যাচ চলে আসতে পারে ফতুল্লা বা বিকেএসপিতেও।