আইরিশরা নিশ্চয়ই এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে বড় ভয়ে ছিল। সেই ডি ভিলিয়ার্স বেশিক্ষণ টিকলেন না। ৯ বলে ২৪ রানের ছোট্ট ঝড় তুলে বিদায়। কিন্তু ক্ষতিটা আগেই হয়ে গেছে।
আইরিশদের সেই ‘মহাক্ষতি’ করেছেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসি। এই দুজনের জোড়া সেঞ্চুরির পর রাইলি রুশো আর ডেভিড মিলারের দুটি ‘টর্নেডো’ ইনিংস। ক্যানবেরায় আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা উঠে গেল রানের পাহাড়ে, ৪১১!
আয়ারল্যান্ড এ ম্যাচ জিতলে ক্রিকেট ইতিহাসেই তা হতো সবচেয়ে বড় অঘটন। কিন্তু আইরিশরা এর ধারেকাছেও যেতে পারেনি। ২১০ রানে অলআউট। হারের ব্যবধানটা বিশাল—২০১ রান।
ক্যানবেরায় আসলে ভুলের খেসারতই দিয়েছে আয়ারল্যান্ড। ষষ্ঠ ওভারে কেভিন ও’ব্রায়েনের বলে মাত্র ১০ রানে থাকা আমলার ক্যাচ পড়েছে মিড উইকেটে, যেটি ফেলেছেন এড জয়েস। ক্যাচটা ধরতে পারলে দক্ষিণ আফ্রিকা হয়ে যেত ২ উইকেট ২৫। জীবন পেয়ে দক্ষিণ আফ্রিকান ওপেনার খেললেন ওয়ানডেতে নিজের সেরা ইনিংস, ১২৮ বলে ১৫৯।
১০৯ বলে ১০৯ রানের ঝলমলে ইনিংসে তাঁকে দারুণ সঙ্গ দিলেন ডু প্লেসি। দ্বিতীয় উইকেটে এ দুজনের ২৪৭ রানের জুটিতেই আসলে ম্যাচ থেকে কিছুটা ছিটকে পড়ে আয়ারল্যান্ড। ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে এটা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি, যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। জোড়া সেঞ্চুরির পর ডি ভিলিয়ার্স মিনিট পনেরোর ছোট ঝড় তুলে যখন ফিরছেন, ৩০০ পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তারপর রুশো (৩০ বলে ৬১) আর মিলারের (২৩ বলে ৪৬) তাণ্ডবে পরপর দুই ম্যাচে চার শ ছাড়ানো স্কোর গড়ে প্রোটিয়ারা।
শেষ দিকে আইরিশ বোলারদের ওপর কতটা ঝড় গেছে, একটা পরিসংখ্যানেই বোঝা যাবে। ৪০ ওভারে ২৮০ রান তোলা দক্ষিণ আফ্রিকা শেষ ১০ ওভারে তুলেছে ১৩১ রান! ম্যাচটাও তখন চলে যায় আয়ারল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে।
আইরিশ ব্যাটসম্যানরা শুরুতেই পড়লেন ডেল স্টেইন-কাইল অ্যাবটের তোপে। ৪৮ রানে নেই ৫ উইকেট। রেকর্ড ব্যবধানে হারের শঙ্কা চোখ তখন চোখ রাঙাচ্ছিল আইরিশদের। ষষ্ঠ উইকেটে অ্যান্ডি বালবার্নি-কেভিন ও’ব্রায়েন কিছুক্ষণের জন্য যা একটু প্রতিরোধ গড়লেন। মরনে মরকেলের বলে রুশোর হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে বালবার্নির ব্যাটে সর্বোচ্চ ৫৮ রান।
ও’ব্রায়েন অবশ্য লড়াইয়ে থাকলেন আরও কিছুক্ষণ। অ্যাবটের বলে ফেরার আগে তাঁর সংগ্রহ ৪৮। মূলত এ দুজনের ৮১ রানের জুটিতে আরও বড় হারের লজ্জা এড়ায় আইরিশরা। ২০০ পেরোয় শেষ দিকে জর্জ ডকরেল ও ম্যাক্স সরেনসনের ৩৩ রানের জুটিতে। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অ্যাবট, মরকলের ৩ উইকেট। ৩৯ রান খরচে ২টি উইকেট—শততম ওয়ানডেতে ডেল স্টেইন তুলনামূলক একটু ম্লানই লাগল। স্টার স্পোর্টস।
বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ইনিংস
ম্যাচ ভেন্যু সাল
৪১৩/৫ ভারত-বারমুডা পোর্ট অব স্পেন ২০০৭
৪১১/৪ দ. আফ্রিকা-আয়ারল্যান্ড ক্যানবেরা ২০১৫
৪০৮/৫ দ. আফ্রিকা-ও. ইন্ডিজ সিডনি ২০১৫
৩৯৮/৫ শ্রীলঙ্কা-কেনিয়া ক্যান্ডি ১৯৯৬
৩৭৭/৬ অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা সেন্ট কিটস ২০০৭
২০
হার্শেল গিবস (২১) ও এবি ডি ভিলিয়ার্সের (২০) পর তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে ২০টি ওয়ানডে সেঞ্চুরি পেলেন হাশিম আমলা। আমলাকে নিয়ে ওয়ানডেতে ২০ সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন ১২ জন।
২৪৭
আমলা ও ডু প্লেসির ২৪৭ রানের জুটি দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সর্বোচ্চ। ওয়ানডেতে যেকোনো উইকেটেই এটি প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ। পঞ্চম উইকেটে সর্বোচ্চ অপরাজিত ২৫৬ রানের জুটিটা এই বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছেন জেপি ডুমিনি ও ডেভিড মিলার।
৫
বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ বার ২০০ বা তার বেশি রানের ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সর্বোচ্চ চারবার এত রানে জিতেছে অস্ট্রেলিয়া।