প্রোটিয়াদের চাপ জয়ের মন্ত্র
রান তাড়া করতে নেমে চাপের মুখে বারবার মুখ থুবড়ে পড়ছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু মুক্তির পথ পাচ্ছে না। তাহলে কি এটাই তাদের নিয়তি?
প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি তা মানতে রাজি নন। তিনি বরং বুক চিতিয়ে লড়াইয়ের পক্ষে। এ জন্য আদর্শ হিসেবে নিতে চান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। যিনি দলে ছড়িয়ে দিচ্ছেন স্নায়ুচাপজয়ের মন্ত্র।
বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচে তাড়া করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। দুবারই খেই হারিয়ে ফেলায় ঘুরেফিরে আসছে সেই ‘চোকার্স’ কথাটা। চাপের মুখে স্নায়ুর নিয়ন্ত্রণ হারানোর বাস্তবতা স্বীকার করেছেন ডুমিনিও। তবে এর জন্য তাঁর মুখে কোনো অজুহাত নেই, ‘মাঝে মাঝে এই চাপটা আমাদের পেয়ে বসে। আমরাও তো মানুষ, আর মানুষ ভুল করবেই। কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা দেশের হয়ে খেলছি আর সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে এটুকু চাপ তো থাকবেই। এটা সামলেই পারফর্ম করতে হবে।’
সবাই অবশ্য ভেঙে পড়ছেন না। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স যেমন পাকিস্তান ম্যাচে একাই লড়ে গেছেন। কিন্তু সতীর্থদের কাছ থেকে খুব বেশি সমর্থন পেলেন না। অধিনায়ককে সেই সমর্থন দিতে না পারার দায় নিচ্ছেন সতীর্থরা। ডুমিনি যেমন বলেছেন, ‘আমাদের ওপর ক্ষিপ্ত হওয়ার সব অধিকার আছে এবির। সামনে থেকে সে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা তার দেখানো পথে হাঁটতে পারছি না। এই দায় আমাদের।’
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার আর একটি ম্যাচ বাকি, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ওই ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই দক্ষিণ আফ্রিকার। তবে নকআউট পর্বে আবার যেন ডি ভিলিয়ার্সকে একা লড়তে না হয় সেটা নিশ্চিত করতে চান ডুমিনি, ‘শুধু একজন-দুজনের দিকে তাকিয়ে থাকলে ম্যাচ জেতা যাবে না। আমাদের দল হিসেবে পারফর্ম করতে হবে।’ ক্রিকইনফো।