প্রোটিয়ারা আসছে জুনে, এর আগে ভারত-পাকিস্তান

দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে ৩০ জুন বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাই-আগস্টে। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিপক্ষীয় এ সিরিজের সূচি নিশ্চিত করেছে বিসিবি।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের আগে এপ্রিল ও জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান ও ভারতের। তবে এ দুটি দলের সঙ্গে সিরিজের সূচি এখনো জানা যায়নি। এ ছাড়া অক্টোবরে দুই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার।
৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের বাংলাদেশ-মিশন। এরপর ৫ ও ৭ জুলাই মিরপুরে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। একই মাঠে ১০ ও ১২ জুলাই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে। এরপর দুই দল উড়াল দেবে চট্টগ্রামে। ১৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। একই মাঠে ২১ জুলাই শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৩০ জুলাই মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকা ঢাকা ছাড়বে ৪ আগস্ট।
দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি-মার্চে।