প্রোটিয়াদের জন্য স্পিনজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির আনন্দময় অনুশীলন। কাল মোহালিতে l রয়টার্স
কোহলির আনন্দময় অনুশীলন। কাল মোহালিতে l রয়টার্স

রবি শাস্ত্রী তো স্পষ্ট করেই বলেছেন, কপিল দেব বললেন ঘুরিয়ে-পেঁচিয়ে। কী কথা? মোহালিতে ভারতের পছন্দের পিচ লাগবে। তো স্বাগতিক দল নিজেদের সুবিধামতো পিচ বানাবে, এ আর নতুন কী! তবু শাস্ত্রীকে বারবার এটা বলতে হচ্ছে কারণ, মুম্বাইয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নাকি পছন্দের উইকেট পায়নি ভারত। এ নিয়ে ওয়াংখেড়ের কিউরেটর সুধীর নায়েকের সঙ্গে তো কয়েক দফা বাগযুদ্ধও হয়ে গেছে শাস্ত্রীর। ২-২ থাকা সিরিজ শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ার জন্য ভারতীয় দলের পরিচালক দায়ী করেছেন উইকেটকে!
ওয়ানডের পালা শেষ, এবার টেস্ট। স্বভাবতই মোহালিতে আজ থেকে শুরু সিরিজের প্রথম টেস্ট সামনে রেখেও উইকেট নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে। আর তাতে ভারতকে পছন্দের উইকেট বানিয়ে দেওয়ার জন্য শাস্ত্রীর মতোই সরব কপিল দেবও, ‘স্বাগতিক দলের অধিনায়ক যদি নির্দিষ্ট কোনো ধরনের উইকেট চায়, তাতে দোষের কী! দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমরাও তো ফাস্ট আর বাউন্সি উইকেটে খেলি!’
তা ভারতের পছন্দের উইকেট কী রকম? জবাব দেবে মোহালিতে সর্বশেষ দুটি টেস্টের স্কোরকার্ডই। ২০১০ ও ২০১৩ সালে ওই দুটি টেস্টেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, দুটিতেই ভারতের জয়ে বড় ভূমিকা ছিল স্পিনারদের। ২০১৩ সালে তো অস্ট্রেলিয়ার ২০ উইকেটের ১৪টিই ভাগাভাগি করে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও রবীন্দ্র জাদেজা। বোঝাই যাচ্ছে, এবারও দক্ষিণ আফ্রিকার জন্য স্পিনের মায়াজাল বিছিয়ে রাখতে চাইছে ভারত। সে ক্ষেত্রে চোট কাটিয়ে দলে ফেরা রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যদি অমিত মিশ্র আর রবীন্দ্র জাদেজা দুজনকেই একাদশে দেখা যায়, অবাক হওয়ার মতো কিছু হবে না।
স্পিনিং উইকেট হোক কিংবা অন্য কিছু—দক্ষিণ আফ্রিকার সেসব নিয়ে মনে হয় না আপাতত কোনো দুশ্চিন্তা আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জেতার পর প্রোটিয়াদের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া। হতে পারে টেস্ট অন্য ধরনের ক্রিকেট, কিন্তু পরিসংখ্যান বলছে সেখানেও ভারতের মাটিতে অন্যতম সফল দল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালের নভেম্বরে ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। সেই সময় থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে আর কোনো দল দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি টেস্ট জিততে পারেনি। এই ১৯ বছরে ভারতে ১২ টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫টিতে। অস্ট্রেলিয়া জিতেছে ৪ টেস্ট, তবে এর জন্য তাদের খেলতে হয়েছে ২০ টেস্ট।
শুধু টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলই নয়, মুখোমুখি লড়াইয়েও ভারতের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে ২৯ টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩টি, ভারত ৭টি। শুধু তা-ই নয়, গত ৩০ বছরে দেশের মাটিতে মাত্র তিনবার ইনিংস ব্যবধানে হেরেছে ভারত—২০০০ সালে বেঙ্গালুরুতে, ২০০৮ সালে আহমেদাবাদে ও ২০১০ সালে নাগপুরে। তিনটি হারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে!
আমলা-ডি ভিলিয়ার্সদের নিয়ে এটাও যে একটা বড় দুশ্চিন্তা ভারতের! ক্রিকইনফো।

টেস্টে ভারত-দক্ষিণ আফ্রিকা
 ম্যাচ ভারত দ. আফ্রিকা ড্র
মোট ২৯ ৭ ১৩ ৯
ভারতে ১২ ৫ ৫ ২