প্রোটিয়াদের প্রেরণা, ইংলিশরা সতর্ক
তিন ম্যাচের সিরিজটা ইংল্যান্ড জিতে নিয়েছিল প্রথম দুই ম্যাচ শেষেই। লর্ডসে পরশু শেষ ওয়ানডেটা তাই ছিল এক অর্থে শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়টাও তাই শুধু সান্ত্বনার। তবে দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গোর কাছে চ্যাম্পিয়নস ট্রফির আগে এমন একটা জয় সান্ত্বনার চেয়েও বেশি কিছু।
কাগিসো রাবাদা ও ওয়েইন পারনেলের বিধ্বংসী বোলিংয়ে প্রোটিয়ারা জিতেছে ৭ উইকেটে। দুর্দান্ত এ জয়টা চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ডমিঙ্গো, ‘সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকি বা পিছিয়ে থাকি, আমরা সব সময় একই মানসিকতা নিয়ে খেলতে নামি। শেষ ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু নিয়েই আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছি।’
আগে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় ইংল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। আগেই সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচে এমন ধাক্কাটা চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডকে সতর্ক করে তুলবে বলেই মনে করেন অধিনায়ক এউইন মরগান, ‘ব্যাট ও বল হাতে এটা আমাদের জন্য বড় শিক্ষা। আমাদের বোলারদের আরও নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। ব্যাটসম্যানদের আরেকটু দেখে খেলতে হবে।’ রয়টার্স।