প্রোটিয়াদের বিদায় দিল নামিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামিবিয়া দল। ফাইল ছবি
নামিবিয়া দল। ফাইল ছবি

বাংলাদেশে বিশ্বকাপ খেলাটা তো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নদের জন্য মস্ত ঝুঁকির ব্যাপার! ২০০৪ বিশ্বকাপে তখনকার চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা, প্লেট পর্বেই ঠাই মিলেছিল তাদের। আজ কক্সবাজারে সেই স্মৃতি ফিরিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে প্রোটিয়ারা। খেলতে হবে প্লেট পর্বে। স্নায়ুচাপের এক ম্যাচে প্রতিবেশীদের ২ উইকেটে হারিয়েছে ক্রিকেটের ‘মিনোজ’ নামিবিয়া।


আজ খেলার শুরু থেকেই জার্সি দেখে দল চিনতে হয়েছে। নামিবিয়ার বোলাররা এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের, মনে হচ্ছিল উইকেট তো নয় যেন ‘মাইন ফিল্ড’। ২ রানেই দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার নেই! পরের ব্যাটসম্যানরাও সেই পথে হাঁটায় একপর্যায়ে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৬০ রান। নবম উইকেট জুটিতে ২০.৪ ওভারে ৫৫ রান তোলে এই বিপর্যয় কিছুটা সামাল দেন উইলিয়াম লুডিক ও লুথো সিপামলা। দলের ১১৫ রানে লুডিক (৪২) আউট হয়ে গেলে শেষ উইকেট জুটিতে আরও ২১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। ফলে ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেতে ১৩৬। নামিবিয়ার পক্ষে পেসার ফ্রিটজ কোয়েতজে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট, ২৪ রানে ৪ উইকেট মাইকেল ফন লিঙ্গেনের।

১৩৭ রান তাড়া করতে নেমে নামিবিয়ার শুরুটাও ভালো হয়নি। ১০ রানেই ২ উইকেট পড়ে যায় তাদেরও। কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি জুটি ম্যাচের লাগাম ছুটতে দেয়নি তাদের হাত থেকে। শেষ দিকে ১০ রানের মধ্যে ৩ উইকেট ফেলে দিয়ে ম্যাচে কিছুটা রোমাঞ্চ ফিরিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। এক প্রান্ত আগলে রাখা লরেন লরেন্স ঠিকই দলকে ম্যাচ জিতিয়ে এনেছেন।

এই জয়ে বাংলাদেশের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল নামিবিয়া ও বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। পরশু দুই দলের শেষ ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।