১৯৯০ সাল। ২৭ বছর পর জেল থেকে মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার কালো মানুষের মুক্তির অবিসংবাদিত মহানায়ক নেলসন ম্যান্ডেলা। এক হাতে মুঠোবন্দী স্ত্রী উইনির হাত, মুষ্টিবদ্ধ আরেক হাত উঁচুতে তোলা। মুষ্টিবদ্ধ এক হাত উঁচুতে তোলা উইনি ম্যান্ডেলারও। অমর হয়ে থাকা সেই ছবিটিই যেন আজ ফিরে এল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যে অবশেষে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে শরিক হলো ম্যান্ডেলার মতো মুষ্টিবদ্ধ হাত উঁচুতে তুলেই।
মাঠে অবশ্য দিনটা তেমন ভালো কাটেনি দক্ষিণ আফ্রিকার। প্রতিপক্ষ শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ৩৪০ রান তুলে দিন শেষ করেছে। ২০১৯ সালের শুরুতে প্রথম এশীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতা লঙ্কানদের হয়ে আজ সর্বোচ্চ ৮৫ রান করেছেন দিনেশ চান্ডিমাল। এ ছাড়া ৭৯ রান করে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। চান্ডিমাল ও ধনাঞ্জয়া দুজনই মেরেছেন ১১টি করে বাউন্ডারি।
শ্রীলঙ্কা ৫৪ রানেই হারিয়ে ফেলেছিল প্রথম ৩ উইকেট। যার মধ্যে আছে ২০১৯ সালে ডারবানে ম্যাচ জেতানো মহাকাব্যিক এক সেঞ্চুরি পাওয়া কুশল পেরেরাও। পেরেরা আজ ফিরেছেন ১৬ রানে। চান্ডিমালকে নিয়ে চতুর্থ উইকেটে ১৩১ রান তোলার পর মাঠ ছাড়তে বাধ্য হন ধনাঞ্জয়া। চান্ডিমাল এরপর উইকেটকিপার নিরোশান ডিকভেলাকে নিয়ে আরও ৯৯ রান যোগ করেন। ডিকভেলা ফিরেছেন হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে।
খেলা শুরুর আগে প্রোটিয়া ক্রিকেটাররা দিয়েছিলেন সমালোচনার জবাব। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল কেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সহমর্মিতা জানিয়ে হাঁটু গেড়ে বসেনি? এই প্রশ্নে সর্বশেষ ইংল্যান্ড সিরিজ থেকেই সমালোচনার তিরে বিদ্ধ প্রোটিয়ারা। এমনকি দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তী ক্রিকেট বোর্ডও সমালোচনা করে ক্রিকেটারদের।
এত দিন এ আন্দোলনে যোগ দেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। গত মাসে তো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল জানিয়ে দেন তাঁরা সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছেন হাঁটু গেড়ে না বসার। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছিলেন তাঁরা। তাঁরা বলেছিলেন, বর্ণবাদবিরোধী আন্দোলনটা ‘একটা প্রক্রিয়া, কোনো আনুষ্ঠানিকতা নয়।’
গত মে মাসে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর ফুঁসে উঠেছিল পুরো যুক্তরাষ্ট্র। ওই আন্দোলনের ঢেউ লেগেছে পুরো বিশ্বেই। ক্রীড়াঙ্গনে ভালোই প্রভাব পড়েছে ওই আন্দোলনের। সে সময় থেকেই ফুটবল–ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের দলগুলো হাঁটু গেড়ে বসে সংহতি জানিয়েছে ওই আন্দোলনের সঙ্গে।
কিন্তু এত দিন এ আন্দোলনে যোগ দেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। গত মাসে তো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল জানিয়ে দেন তাঁরা সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছেন হাঁটু গেড়ে না বসার। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছিলেন তাঁরা। তাঁরা বলেছিলেন, বর্ণবাদবিরোধী আন্দোলনটা ‘একটা প্রক্রিয়া, কোনো আনুষ্ঠানিকতা নয়।’
লুঙ্গি এনগিডির মতো ক্রিকেটার হাঁটু গেড়ে বসার কথা বলে সমালোচিতও হয়েছিলেন। সাবেক সতীর্থেরা খেপেছিলেন এই পেসারের ওপর। জুলাইয়ে থ্রিটিসি ম্যাচের সময় হাঁটু গেড়ে বসলেও তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় দলের খেলায় এমনটা করবেন না তাঁরা।
তবে শেষ পর্যন্ত মত বদলেছেন প্রোটিয়ারা। আজ শুরু বক্সিং ডে টেস্টের আগেই দলটি আবারও ব্যাখ্যা করে নিজেদের অবস্থান, ‘আমরা প্রোটিয়া দল হিসেবে অনেকবারই ঘোষণা করেছি যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে আমাদের নিঃশর্ত সমর্থন আছে। আমরা বেশ কয়েকবার এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে ও নিজেরা খোলাখুলি আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ করার।’
দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার টেস্ট শুরুর আগেই নিশ্চিত করেন তাঁরা কিছু একটা করতে যাচ্ছেন, ‘জৈব সুরক্ষা বলয়ে ঢোকার পর থেকেই আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি, বিশেষ করে বোর্ড যখন বিবৃতি দল। আমরা সিদ্ধান্ত নিয়েছি অর্থবহ কিছু করার।’
আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে দেখা গেল সেই অর্থবহ কিছুর। প্রোটিয়া ক্রিকেটাররা মুষ্টিবদ্ধ ডান হাত উঁচু করে তুলে ধরলেন এক সারিতে দাঁড়িয়ে। ফিরিয়ে আনলেন ৩০ বছর আগের ম্যান্ডেলা দম্পতির সেই অমর ছবি।