প্রোটিয়া-ঝড়ের সামনে ইংল্যান্ড

ক্রিস গেইলের ভূতই কি তাহলে তাড়া করল ইংল্যান্ডকে! পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার চড়াও হয়েছিলেন ইংল্যান্ডের ওপর। গেইল–তাণ্ডবে সেই যে দিশেহারা হয়ে পড়লেন ইংলিশ বোলাররা, সেটির রেশ থেকে গেল আজও। ওয়াংখেড়েতেই ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের বিপক্ষে গেইল ১০০ করেছিলেন ৪৮ বলে। আজ ১০০ করতে দক্ষিণ আফ্রিকারও দরকার হলো ৪৮ বল। ঠিক ৮ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১০০/১! ওপেনারদের পারফরম্যান্স বিচারে এগিয়ে থাকবেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা। তাঁদের দুজনের মিলিত এক শতে যে বল লেগেছে মাত্র ৪৬টি। ২১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডি কক। আমলার পঞ্চাশ এসেছে ২৫ বলে।
প্রথম ওভারে মাত্র ২ রান—মনে হচ্ছিল গেইল-ধাক্কা কাটিয়ে উঠেছেন ইংলিশ বোলাররা। সেটি ভুল প্রমাণ করা শুরু করলেন ডি কক দ্বিতীয় ওভার থেকেই। ওই ওভারে ১ ছক্কা ও ২ চার দিয়ে শুরু। ৩.৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার ৫০। ডি ককের শুরু করা ঝড়ে আমলাও যোগ দেন পঞ্চম ওভারে। প্রথম পাঁচ বলেই ৪ চার ও ১ ছক্কায় ২২ রান যুক্ত করে বুঝিয়ে দিলেন আজ দিনটি দক্ষিণ আফ্রিকারই। অথচ আগের ওভারেই মাত্র ৯ রানে মঈন আলীর বলে ক্যাচ তুলে দিয়েছিলেন আমলা। সেই আমলা পরে থেমেছেন ৩১ বলে ৫৮ করে। ডি ককও আউট হয়ে গেছেন ২৪ বলে ৫২ রান করে। কিন্তু ঝড় তাতেও থামেনি।
এবি ডি ভিলিয়ার্স রান উৎসবে মেতে ওঠার আগেই আউট হয়ে গেলেও জে পি ডুমিনি ও ডেভিড মিলার চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে গেছেন। ২৮ বলে ৫৪ করে অপরাজিত থাকেন ডুমিনি, ১২ বলে ২৮ মিলার। ইংল্যান্ডের সেরা বোলার মঈন আলী, ৩৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।