প্রয়োগ ক্ষমতার অভাব দেখছেন স্ট্রিক

বেঙ্গালুরুর প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল এত খারাপ করল কেন? ক্রিকেটপ্রেমীদের মনে এখন এমন প্রশ্নই সবচেয়ে বেশি চাউর। যে ম্যাচে একপর্যায়ে ৭৬ রানেই ভারতীয় ‘এ’ দলের ৪ উইকেট তুলে নেওয়া গিয়েছিল, সেখানে কীভাবে ইনিংস শেষে তাদের সংগ্রহ ৩২২-এ গিয়ে ঠেকে!
বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিসেবে ভারতে যাওয়া জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার হিথ স্ট্রিক এর ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই। তাঁর মতে, চাপ সৃষ্টি করেও সেই চাপ ধরে রাখতে না পারার খেসারত দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশের ব্যাটিং লাইন আপও নেহাতই মন্দ ছিল না। এনামুল হক, মুমিনুল হক, সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমান কিংবা নাসির হোসেন-লিটন দাসদের নিয়ে গড়া ‘এ’ দলের ব্যাটিং ভারতের ৩২২ রানের সংগ্রহকে অন্তত চ্যালেঞ্জ জানাবে—এমন প্রত্যাশা ছিলই। কিন্তু লিটন আর নাসির ছাড়া আর সবাই ব্যর্থ হলেন বাজেভাবেই। স্ট্রিকও ব্যাপারটায় বেশ অবাক। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং উপযোগী উইকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতা তাঁর কাছে বেশ পীড়াদায়কই, ‘আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যানরা নিজেদের ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারেনি। উইকেট ছিল সম্পূর্ণ ব্যাটিং উপযোগী। এই উইকেটে দাঁড়িয়ে থাকতে পারলেই রান আসত।’
নাসির-লিটনের জুটির প্রশংসাই ঝরেছে স্ট্রিকের কণ্ঠে, ‘নাসির আর লিটন তাদের ব্যাটিং ক্ষমতার প্রয়োগ ঘটিয়েছে। এই দুই ব্যাটসম্যান চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে বেঙ্গালুরুর উইকেটে রান করাটা মোটেও কঠিন কিছু ছিল না।’
বোলারদের প্রসঙ্গেও একই কথা বলেছেন স্ট্রিক। প্রয়োগ ক্ষমতার অভাব। তাঁর মতে, তাসকিন, রুবেলসহ অন্যান্য বোলাররা তাদের প্রতিভা অনুযায়ী বোলিং করতে পারেনি। তিনি বলেন, শেষের দিকে অতিরিক্ত বাজে বল তো ছিলই, বাউন্ডারিও একটু বেশিই দেওয়া হয়ে গিয়েছিল। ভারতীয় ‘এ’ দলের ব্যাটসম্যানরা ইচ্ছামতো বাউন্ডারি মারতে পারছিল। অতিরিক্ত বাউন্ডারি আর বাজে বলের জন্যই দলের অধিনায়ক প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। সূত্র: ক্রিকবাজ।