প্লাঙ্কেটের বদলে ফিন
দীর্ঘদিন পর দলে ফিরে খারাপ করছিলেন না লিয়াম প্লাঙ্কেট।কিন্তু পুরোনো শত্রু আততায়ী হয়ে এল আবারও। অ্যাঙ্কেলের চোটে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার।প্লাঙ্কেটের চোট আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার সুযোগ এনে দিয়েছে স্টিভেন ফিনকে। প্লাঙ্কেটের জায়গায় ডাক পেয়েছেন দীর্ঘদেহী এই পেসারই।
২০১০ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন ফিন।তাঁকে মনে করা হচ্ছিল ইংলিশ পেস আক্রমণের ভবিষ্যৎ। পারফরম্যান্সেও ছিল সেটির প্রমাণ।কিন্তু হঠাৎ ধার হারিয়ে ফেললেন।২০১৩ অ্যাশেজের পর দলে জায়গা হারান ২৩ টেস্টে ৯০ উইকেট নেওয়া পেসার।এই মৌসুমে কাউন্টির ডিভিশন ওয়ানে মিডলসেক্সের হয়ে ১০ ম্যাচে ৪৪ উইকেট পেয়েছেন। তবে মনে করা হচ্ছিল, হারিয়ে ফেলা ধার ফিরে পাননি এখনো। প্লাঙ্কেটের চোটে তবু এসে গেল সুযোগ। ভাগ্য এবার ফিনের নিজের হাতেই! ক্রিকইনফো।