প্লেয়ারস বাই চয়েসের পক্ষেই ক্লাবগুলো
সিসিডিএমের কালকের সভায়ও নতুন কিছু হলো না। দলবদলের জন্য ‘প্লেয়ারস বাই চয়েসে’র পক্ষেই এককাট্টা প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলো। তবে গতবারের তুলনায় এবার খেলোয়াড়দের পারিশ্রমিক শতকরা ২০ ভাগ পর্যন্ত বাড়াতে রাজি তারা।
সভা শেষে সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দার জানিয়েছেন, খেলোয়াড়দের গ্রেডিং ও পারিশ্রমিক বোর্ডই ঠিক করে দেবে। তবে ক্লাব প্রতিনিধিদের অনুরোধ, পারিশ্রমিক যেন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। ‘ক্লাবগুলোর প্রস্তাব প্লেয়ারস বাই চয়েসের পক্ষেই। লিগ শুরুর তিন দিনের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৫০ ভাগ দিয়ে দেবে তারা। সাত দিনের মধ্যে বোর্ডের কাছে জমা দেবে বাকি ৫০ ভাগের ব্যাংক গ্যারান্টি’—বলেছেন সিসিডিএম সদস্যসচিব।
লিগ শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২৪ মার্চ। তার আগে ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে ‘প্লেয়ারস বাই চয়েস’। প্রতি দলে তিনজনের জায়গায় এবার দুজন করে বিদেশি খেলানোর প্রস্তাব গৃহীত হয়েছে সভায়, নিবন্ধন করানো যাবে সর্বোচ্চ আটজন।
সভায় প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের ১১টিরই প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুধু লিজেন্ডস অব রূপগঞ্জের কেউ ছিলেন না।