পয়া মাঠে ডাবল হবে জুনায়েদের?

মোস্তাফিজুর রহমান খেলছেন বলে অনেকে হয়তো কাল চোখ রেখেছেন সিলেটে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ম্যাচের দিকে। কিন্তু বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ব্যাটিং-বোলিংয়ে কিছুই করতে হয়নি বাঁহাতি পেসারের। ব্যাটসম্যানদের সৌজন্যে দিনটা নিজেদের করে নিয়েছে মোস্তাফিজের দক্ষিণাঞ্চল। চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল ম্যাচেও একই ছবি, ব্যাটসম্যানরাই ছড়ি ঘুরিয়েছেন।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে উত্তরাঞ্চলকে ব্যাটিং দেয় মধ্যাঞ্চল। দলের ৮ রানে ফিরে যান ওপেনার নাজমুল হোসেন। দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে জুনায়েদ সিদ্দিক শুরুতেই দিনটি নিজের করে নেওয়ার বার্তা দেন। ৩ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পরও জুনায়েদের ব্যাটিং দৃঢ়তায় উত্তরাঞ্চলকে কাঁপিয়ে দিতে পারেননি মধ্যাঞ্চলের বোলাররা। চতুর্থ উইকেট জুটিতে জুনায়েদ-নাসির হোসেন যোগ করেন ১০৮ রান। শহিদুল ইসলামের বলে নুরুল হাসানের ক্যাচ হয়ে নাসির ফেরেন ৫৫ রানে। ধীমান ঘোষকে নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১১০ রান তুলে দিন শেষ করেন জুনায়েদ। উত্তরাঞ্চলের এই ব্যাটসম্যােনর অপরাজিত ১৭২ রানের সৌজন্যে উত্তরাঞ্চলের রান ৪ উইকেটে ৩২৭। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার আশা নিয়েই কাল রাতে ঘুমোতে গেছেন জুনায়েদ, ‘এটা আমার লাকি গ্রাউন্ড। টেস্টে একমাত্র সেঞ্চুরিটা (ইংল্যান্ডের বিপক্ষে) এখানে করেছিলাম, প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ১৯৩ রানও এখানে করা। কদিন আগে জাতীয় লিগেও সেঞ্চুরি করেছি এই মাঠে। এবার চেষ্টা করব ডাবল সেঞ্চুরি করতে।’
সিলেটেও ফিল্ডিং নিয়েছে টসজয়ী দল পূর্বাঞ্চল। ইবাদত হোসেনের বলে এলবিডব্লু হয়ে গোল্ডেন ডাকে ফিরেছেন দক্ষিণাঞ্চলের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদ। ১ রানে ১ উইকেট হারানো দক্ষিণাঞ্চল পরে এগিয়েছে ‘দশে মিলে করি কাজ’ নীতিতে। এনামুল হক, তুষার ইমরান ও জিয়াউর রহমানের ফিফটিতে দক্ষিণাঞ্চলের রান ৬ উইকেটে ৩৭৬। শুরুতেই আঘাত হানা ইবাদত শেষ পর্যন্ত ৮৫ রানে পেয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্তস্কোর
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, চট্টগ্রাম n উত্তরাঞ্চল১মইনিংস: ৮৯ ওভারে ৩২৭/৪ (জুনায়েদ ১৭২*, নাসির ৫৫, ধীমান ৫১*, জহুরুল ৩৯; শহিদুল ২/৭৮, দেওয়ান ১/৩১, শুভাগত ১/৪৮)।
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, সিলেট n দক্ষিণাঞ্চল১মইনিংস: ৯০ ওভারে ৩৭৬/৬ (এনামুল ৮৯, তুষার ৬২, জিয়া ৫৫*, মিঠুন ৪৭, সোহাগ ৪২*, মোসাদ্দেক ৩৯; ইবাদত ৩/৮৫, তাসামুল ১/১৩, শাহানুর ১/৫৮, সাকলাইন ১/৭৬)।