পয়েন্ট পদ্ধতিতে রাজি শ্রীলঙ্কা-পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে নিত্যনতুন ধারণার জন্ম দিতে ইংলিশ ক্রিকেট বোর্ডের জুড়ি নেই। ইসিবির মস্তিষ্কপ্রসূত টি-টোয়েন্টি তো পুরো ক্রিকেট-বিশ্বের চিন্তাধারাকেই পাল্টে দিল। পয়েন্টনির্ভর সিরিজ আয়োজন অতটা প্রভাব ফেলবে কি না সময়ই বলবে। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা যে সিরিজ নতুন কিছু উপহার দিচ্ছে সেটি নিশ্চিত।
একেবারে নতুন কিছু অবশ্য বলা যাচ্ছে না। মেয়েদের অ্যাশেজে এরই মাঝে দুবার এ পদ্ধতির ব্যবহার হয়েছে। এবার ছেলেদের ক্রিকেটেও শুরু হচ্ছে একাধিক সংস্করণের দ্বিপাক্ষিক সিরিজে পয়েন্ট পদ্ধতি। ১৯ মে থেকে শ্রীলঙ্কা সিরিজ শুরু হচ্ছে। এরপর মধ্য জুলাইয়ে ইংল্যান্ড সফরে আসবে পাকিস্তান। এই সিরিজে ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। দুটি সিরিজেই পয়েন্টের হিসাবে সিরিজ নির্ধারিত হবে। টেস্ট ম্যাচ জয়ের জন্য ৪ পয়েন্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ২ পয়েন্ট। কাল ইসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই বোর্ডই এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। সময়মতো এ নিয়ে বিস্তারিত জানানো হবে।’
এ পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট, ‘যা-ই হোক না কেন, খেলাটিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। তিনটি সংস্করণকে আরও কাছাকাছি আনবে এটি।’ তবে সতীর্থ বেন স্টোকস এতটা নিশ্চিত নন এ বিষয়ে, ‘আমার মনে হচ্ছে, এটি হবে ফালতু একটি বিষয়।’ বিশেষ করে অ্যাশেজে এ পদ্ধতির কোনো প্রয়োজনীয়তা দেখেন না স্টোকস, ‘তারা অনেক পরিবর্তন আনছে, কিন্তু অ্যাশেজ তো অ্যাশেজই। যারা অ্যাশেজের নিয়মিত দর্শক তারা প্রশ্ন করতেই পারে এর কী দরকার? আমিও তাদের দলে।’
পয়েন্ট পদ্ধতিতে একটি অসুবিধা অবশ্য এখনই খুঁজে পাওয়া যাচ্ছে। পাকিস্তান সিরিজে টেস্ট খেলা হবে আগে। সে ক্ষেত্রে কেউ ৪-০ ব্যবধানে সিরিজ জিতে গেলেই চূড়ান্ত বিজয়ী হয়ে যাবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তখন মূল্য হারিয়ে ফেলবে। সূত্র: ক্রিকইনফো।