ফকনারের অভিযোগের জবাবে নিষেধাজ্ঞা পিসিবির

ফকনারের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে চুক্তির বরখেলাপের অভিযোগ করেছেন তিনি। এদিকে তাঁর বিরুদ্ধে আরও বড় অভিযোগ তুলে এক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিচে সে বিবৃতি তুলে ধরা হলো-

জেমস ফকনারের চুক্তির বরখেলাপ ও অন্যায় আচরণের ভিত্তিহীন অভিযোগের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

‘জেমস ফকনার যিনি ২০২১ পিএসএলের আবুধাবি অংশেও ছিলেন, তাঁর নিন্দনীয় আচরণে পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স হতাশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি সবার মতোই তাঁর সঙ্গেও সব সময় শ্রদ্ধা দেখানো হয়েছে। পাকিস্তান সুপার লিগের সাত বছরে, কোনো খেলোয়াড় কখনো পিসিবির বিরুদ্ধে চুক্তিগত বাধ্যবাধকতা পূরণ না করার অভিযোগ করেননি।’

আরও পড়ুন

‘বরং সব খেলোয়াড় তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণকে যতটা সম্ভব স্বচ্ছন্দময় করা যায়—পিসিবির এই চেষ্টার প্রশংসা করেছে। পিসিবির এই ইভেন্টে ২০১৬ সাল থেকে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গী হওয়াই এর প্রমাণ। এবং এটাই পিএসএলকে একটা শক্তিশালী ব্র্যান্ড বানাতে পিসিবিকে সাহায্য করেছে।’

‘কয়েক বছর ধরে মিস্টার জেমস ফকনারের অসদাচরণের ইতিহাস, যা অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, সে ব্যাপারে মন্তব্য না করে, নিচে কিছু তথ্যের সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেওয়া হলো:

২০২১ সালের ডিসেম্বরে, জেমস ফকনারের এজেন্ট যুক্তরাজ্যের এক ব্যাংকের হিসাব দিয়ে নিশ্চিত করেছেন কোথায় তাঁর অর্থ পাঠাতে হবে। কাজের সুবিধার জন্য এই তথ্য সংরক্ষণ করা হয়েছিল।

২০২২ সালের জানুয়ারিতে, শুধু মিস্টার ফকনার জানেন কী কারণে, অস্ট্রেলিয়ায় আরেকটি ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাঠান তাঁর এজেন্ট। কিন্তু ফকনারের প্রাপ্য অর্থের ৭০ শতাংশ যুক্তরাজ্যের অ্যাকাউন্টেই পাঠানো হয়েছিল। মিস্টার ফকনার প্রাপ্তিস্বীকার করেছেন। এর মানে, চুক্তি অনুযায়ী মিস্টার ফকনার তাঁর প্রাপ্য এখন পর্যন্ত বুঝে পেয়েছেন।

বাকি ৩০ শতাংশ পাকিস্তান সুপার লিগ সম্পন্ন হওয়ার ৪০ দিন পার হলে পাওয়ার কথা তাঁর। তবে চুক্তির নিয়ম মেনে সে ব্যাপারে এখন নতুনভাবে ভাবা হবে।

অর্থ প্রদানের পরও মিস্টার ফকনার তাঁর অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টেও একই পরিমাণ (৭০%) অর্থ পাঠানোর জন্য চাপ দিচ্ছিলেন। এর মানে, মিস্টার ফকনারকে দ্বিগুণ অর্থ দেওয়া হতো।

তাঁর দাবি পূরণ না হলে শুক্রবার বিকেলের মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ না খেলার হুমকি দেন।

একটি দায়িত্ববান প্রতিষ্ঠান হিসেবে পিসিবি মিস্টার ফকনারের সঙ্গে শুক্রবার সকালে তাঁর সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করে। কিন্তু হতাশাজনক ও অপমানদায়ক আচরণের পরও তাঁর সব অভিযোগের মীমাংসা করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাঁর দলকে হতাশ করে, এত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত পাল্টাতে রাজি হননি। এবং তাঁকে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে বলেছে।

এই পরিস্থিতিতে পিসিবি তাঁর এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে, তিনি বারবার দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার সকালে চলে যাওয়ার আগে মিস্টার ফকনার ইচ্ছা করে হোটেলের ক্ষয়ক্ষতি করেছেন এবং এ কারণে তাঁকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। পিসিবি পরে জানতে পেরেছে, বিমানবন্দরেও মিস্টার ফকনার ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন।

উল্লিখিত কারণে এবং মিস্টার ফকনারের পিসিবি, পাকিস্তান ক্রিকেট এবং পাকিস্তান সুপার লিগের সম্মান নষ্ট করার এই অপচেষ্টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সুপার লিগে মিস্টার জেমস ফকনারকে আর কখনো খেলোয়াড় ড্রাফটে রাখা হবে না।’