ফকনারের টেস্ট-তৃষ্ণা

বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা তিনি। কিন্তু নেই অস্ট্রেলিয়ার পরের সফরেই! তাতে খুব একটা অবাক নন জেমস ফকনারও। দল ঘোষণা হয়েছে যে টেস্ট ক্রিকেটের! টেস্ট দলে যে থাকছেন না, সেটা অনুমিত ছিল ফকনারের কাছেও। তবে দলে না থাকা মেনে নিলেও টেস্ট ক্রিকেটকেই পাখির চোখ করছেন এই অলরাউন্ডার। ওয়ানডের মতো নিয়মিত খেলতে চান টেস্ট ক্রিকেটেও।
রঙিন পোশাকে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার এখন ফকনার। ৪৪ ওয়ানডেতে নিয়েছেন ৬০ উইকেট, ৪২.৮৪ গড়ে রান ৮১৪। ব্যাট হাতে হয়ে উঠেছেন ফিনিশার, বল হাতেও স্লগ ওভারের ভরসা। তবে টেস্ট খেলেছেন মাত্রই একটি, ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে সেই ম্যাচে খুব একটা খারাপ করেননি। দুই ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। কিন্তু টেস্টের অস্ট্রেলিয়া দলে জায়গা পোক্ত করা একটু কঠিনই। তা ছাড়া ব্যাটিং-বোলিং মিলিয়ে সীমিত ওভারের জন্য ফকনার দারুণ কার্যকরী হলেও টেস্ট ক্রিকেট নিয়মিত খেলতে বোলিংয়ে ধার চাই আরও বেশি।
ফকনার নিজেও সেটা জানেন। ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়ার হয়ে নিজেকে প্রমাণ করেই তাই ফিরতে চান সাদা পোশাকে, ‘বিশ্বকাপ জয়ের পর কয়েক দিন উদ্যাপন করে এবং পরিবার-পরিজনকে কদিন সময় দিয়ে আমার মনোযোগ এখন আইপিএলে। আইপিএল শেষে তাকাব টেস্ট ক্রিকেটে। টেস্ট দলে ফেরাটাই এখন আমার মূল লক্ষ্য। আমাকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে না দেখে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু নির্বাচকেরা আমাকে আগেই বলেছিলেন যে ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচ খুব বেশি খেলিনি বলে এবার আমাকে বিবেচনা করা হবে না।’
ক্যারিবিয়ান সফর ও অ্যাশেজের দল ঘোষণা হয়ে গেছে। এই মৌসুমে আর সাদা পোশাক গায়ে চাপানোর আশা করেন না ফকনার। তাকিয়ে আছেন পরের মৌসুমে, ‘বিশ্বকাপের আগে সব মনোযোগ ছিল বিশ্বকাপেই। এখন সেই অভিযান সফলভাবে শেষ হয়েছে। টাইগারদের (তাসমানিয়া) হয়ে সাদা পোশাকে বেশি সময় দিতে পারব এখন। দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলতে চাই আমি, এটাই আসল ক্রিকেট। আর দলে ফেরার পথটা খুব সাধারণ—শেফিল্ড শিল্ডে ভালো করতে হবে। পরের মৌসুমে তাসমানিয়ার হয়ে আরও বেশি খেলার সুযোগ পাব আমি। সুযোগটা কাজে লাগাতে হবে আমাকে। ব্যাটে-বলে ভালো করতে পারলে সুযোগ এমনিতেই আসবে।’ দ্য হোবার্ট মার্কারি।