ফতুল্লা টেস্টের কথা মনেই নেই স্মিথের

দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভ স্মিথরা এখন বাংলাদেশে। চুক্তি-সংক্রান্ত ঝামেলা মিটিয়ে অবশেষে সফরে আসতে পেরে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। নিরাপত্তা কিংবা চুক্তির বিষয়গুলো এখন তাই আর মাথায় রাখতে চান না অস্ট্রেলীয় অধিনায়ক। বাংলাদেশের মাটিতে দুর্দান্ত কিছু ক্রিকেটীয় মুহূর্ত উপহার দেওয়াটাই লক্ষ্য তাঁদের।
কাল রাতেই বাংলাদেশে পা রেখেছে অস্ট্রেলিয়া দল। আজ সফরের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বারবার তাই বাংলাদেশে আসা নিয়ে উচ্ছ্বাসের কথাই বলেন, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে। আমরা খুবই উত্তেজিত, চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। ইদানীং বাংলাদেশ দেশের মাটিতে খুব ভালো করছে। আশা করছি আবহাওয়া ভালো থাকবে, দারুণ কিছু ক্রিকেট দেখা যাবে।’
১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে যে সিরিজটি হওয়ার কথা ছিল, সেটা ২০১৫ পেরিয়ে ২০১৭ সালে এসে ঠেকেছে। বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই এ দলের কারও। অধিনায়ক স্মিথ তো মনেই করতে পারছেন না ২০০৬ সালে ওই সময়ে নিজে কী করছিলেন, ‘দশ বছর আগের কথা (আসলে এগারো বছর)। আমার বয়স তখন আঠারো। আমি মনে করতে পারছি না কী করছিলাম। সম্ভবত নিজের ভবিষ্যতের পথ খুঁজছিলাম। নিউ সাউথ ওয়েলস দলের আশপাশেও ছিলাম না। অনেক আগের কথা। এরপর অনেক কিছু বদলেছে।’
অস্ট্রেলিয়ানদের মূল পরীক্ষাটা যে এবার স্পিনাররা নেবেন, সেটা জানা আছে স্মিথের। কিন্তু বছরের শুরুতে হওয়া ভারত সফরই এখন সাহস জোগাচ্ছে অস্ট্রেলিয়ানদের, ‘উইকেট যেমনই হোক মানিয়ে নিতে হবে। তবে বৃষ্টি ছিল, কিউরেটররা কতটুকু সময় পেয়েছেন, সেটাও একটা ব্যাপার। ম্যাচের দিনই দেখা যাবে। স্পিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সিরিজে, সম্ভবত রিভার্স সুইংও। উপমহাদেশে এ দুটো সব সময় বড় ভূমিকা রাখে। এবারও এর ব্যতিক্রম হবে না। খুবই চ্যালেঞ্জিং সিরিজ হবে। আশা করি ভারত সফর থেকে শিখেছি আমরা। এটা এখানে কাজে লাগবে।’