টেস্টটা ড্র হয়েছিল। তাতে অবশ্য বৃষ্টির অবদানও অনেক। তবে ২০১৫ সালের জুনে ফতুল্লা বাংলাদেশ-ভারত ড্র টেস্টটিতে যতটুকু খেলা হয়েছিল, তাতেই ভেলকি দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, প্রথম ইনিংসে ৮৭ রানে পেয়েছিলেন ৫ উইকেট। হায়দরাবাদ টেস্টেও ফতুল্লার সেই পারফরম্যান্স ফিরিয়ে আনতে চান ভারতীয় অফ স্পিনার, বিসিসিআইয়ের ওয়েবসাইটে বলেছেন, ‘(ফতুল্লায়) হাত থেকে বলগুলো যেন স্বপ্নের মতো বেরিয়ে আসছিল। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইব।’
অশ্বিনকে অনুপ্রাণিত করছে হায়দরাবাদের পিচও, ‘এই মাঠের মাঝ উইকেটে বাউন্স একটু বেশি। আউটফিল্ড ঘন সবুজ। মাঠটাও একটু বড়, স্পিনারদের জন্য দারুণ মাঠ এটি। উইকেট একটু মন্থর, যে বাউন্স আছে, তাতে নিজের মতো কিছু করার সুযোগ থাকে। এখানে বোলিং করাটা উপভোগ করি।’
তবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ৩০ বছর বয়সী অলরাউন্ডার, ‘তারা (বাংলাদেশ) নিউজিল্যান্ড সফর করে এসেছে। আমরা জানি নিউজিল্যান্ডে ভালো করা সহজ নয়। তাদের হালকাভাবে নেওয়া যাবে না, ক্রমোন্নতি করা দুর্দান্ত এক দল তারা।’ হিন্দুস্তান টাইমস