ফতুল্লা মনে করিয়ে দিচ্ছে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন আর আফগানিস্তানের অধিনায়ক নন, তবে এখনো ব্যাটে-বলে বাংলাদেশের সবচেয়ে বড় মাথাব্যথার নাম মোহাম্মদ নবী l প্রথম আলো
এখন আর আফগানিস্তানের অধিনায়ক নন, তবে এখনো ব্যাটে-বলে বাংলাদেশের সবচেয়ে বড় মাথাব্যথার নাম মোহাম্মদ নবী l প্রথম আলো

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল তা-ও একটু গা গরমের সুযোগ পেয়েছে, বৃষ্টিবাধায় আফগানিস্তান দল সেটিও পায়নি। ব্যাটিং-বোলিং অনুশীলন যা করার সেটি সারতে হয়েছে ইনডোরেই।
প্রস্তুতির কাজটা অবশ্য আগের দিনই করে রেখেছিল তারা। পরশু ফতুল্লায় বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়ে একটা বার্তাই দিয়েছে আফগানিস্তান। কাল সংবাদ সম্মেলনে এসে আফগান অধিনায়ক আসগার স্টানিকজাই তো হুমকিই দিলেন—২০১৪ এশিয়া কাপের সেই ম্যাচের চেয়েও ভালো খেলতে চায় তাঁর দল।
আফগানদের বিপক্ষে মাঠে নামা মানেই মাশরাফি-মুশফিকদের স্মৃতিপটে ভেসে উঠবে বছর দুই আগে ফতুল্লার ম্যাচটি। বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল স্টানিকজাই ও সামিউল্লাহ শেনোয়ারির ষষ্ঠ উইকেট জুটিতে তোলা ১৬৪ রান। ম্যাচসেরা শেনোয়ারি এবারও আছেন। আর স্টানিকজাই তো নেতৃত্বই দিচ্ছেন দলকে।
দুই বছর আগের দুঃসহ সেই স্মৃতি বাংলাদেশ ভুলে থাকতে চাইছে। কিন্তু আফগানিস্তান তা কেন ভুলবে? টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম জয়, আফগান ক্রিকেটে স্মরণীয় এক অধ্যায় হয়ে আছে। সেটি মনে করিয়ে দিয়ে স্টানিকজাই বললেন, ‘মনে আছে, দুই বছর আগে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম। ওই সময় আমাদের অভিজ্ঞতা অনেক কম ছিল। এরপর বিশ্বকাপ, এশিয়া কাপ খেলেছি। আশা করি, আমরা গতবারের তুলনায় আরও ভালো খেলব।’
আফগানিস্তানের এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার অপেক্ষায় তিন তরুণ ইহসানউল্লাহ, করিম জানাত ও নাভিন-উল-হক। বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ যুব বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ইহসানউল্লাহ। করিম ও নাভিনও খেলেছেন ওই টুর্নামেন্ট। যুব বিশ্বকাপ খেলা লেগ স্পিনার রশিদ খানও আছেন এই দলে। পরশু বিসিবি একাদশের বিপক্ষে সর্বোচ্চ ৬৯ রান করে বাংলাদেশের বোলারদের চোখ রাঙাচ্ছেন আরেক তরুণ হাশমতউল্লাহ শহীদি।
তরুণদের পাশাপাশি আলো ছড়ানোর অপেক্ষায় অভিজ্ঞরাও। প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়ে মোহাম্মদ নবী সেটিই জানান দিয়েছেন। গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হইচই ফেলে দেওয়া আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ ব্যাটে ঝড় তুলতে জানেন। আফগান দলের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত তাই দাবি করছেন, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। ভালো মিডিয়াম পেসার ও স্পিনার আছে। বাংলাদেশের উইকেটে তারা ভালোই সহায়তা পাবে। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় দলে।’
বাংলাদেশের ২০ জনের ওয়ানডে পুলে যেখানে একজন লেগ স্পিনারও নেই, সেখানে আফগানিস্তান দলে দুজন বিশেষজ্ঞ লেগ স্পিনার। রশিদ ও রহমত শাহর সঙ্গে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার শেনোয়ারিও। বাংলাদেশ ব্যাটসম্যানদের বিপক্ষে আফগান লেগ স্পিনারদের চমক দেখার অপেক্ষায় রাজপুত, ‘অন্য টুর্নামেন্টগুলোয় আমরা দেখেছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেগ স্পিনাররা। আমাদের দুজন ভালো লেগ স্পিনার আছে। এখন তারা বাংলাদেশের ব্যাটসম্যানদের কতটা চমকে দিতে পারে, সেটিই দেখার।’