ফতুল্লায় 'এ' দলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ইসলামের ফাইল ছবি। ফতুল্লায় তাঁর ব্যাট থেকেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এসেছে সর্বোচ্চ রান ছবি: প্রথম আলো
নাঈম ইসলামের ফাইল ছবি। ফতুল্লায় তাঁর ব্যাট থেকেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এসেছে সর্বোচ্চ রান ছবি: প্রথম আলো

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ ‘এ’। ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে মার্শাল আইয়ূবের দলের হার ১৭ রানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ‘এ’ দলের ৬ উইকেটে ২৫৩ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ স্কোরবোর্ডে ২৩৬ রান তুলে সবাই আউট হয়ে যায়।

জিম্বাবুয়ে দলের রেজিস চাকাভার কাছেই মূলত আজ হেরে গেছে বাংলাদেশ ‘এ’। তাঁর অনবদ্য ১৩২ রানই ছিল জিম্বাবুয়ে ইনিংসের প্রাণ। চাকাভা ১৪৪ বল খেলে ১৩টি চার ও ৩টি ছয়ের মারে ফতুল্লা মাঠে উপস্থিত দর্শকদের জন্য সাজান তাঁর ইনিংসটি। ব্রায়ান চারির সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলার পর চাকাভা পঞ্চম উইকেট জুটিতে ভুসিমুজি সিবান্দার সঙ্গে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে জিম্বাবুয়ের সংগ্রহকে নিয়ে যান চ্যালেঞ্জিং পর্যায়ে। সিবান্দার ব্যাট থেকে আসে ৫২ রান।

বাংলাদেশ ‘এ’ দলের জুবায়ের হাসান ৫৩ রানে ২ উইকেট নেন। এ ছাড়া ৪৭ রানে মুমিনুল তুলে নিয়েছেন আরও ২ উইকেট। মোসাদ্দেক হোসেন ৩৬ রানে খরচায় ঝুলিতে ভরেন একটি উইকেট।

ফতুল্লার উইকেটে ২৫৪ রানের লক্ষ্যমাত্রা নাগালের মধ্যেই ছিল। কিন্তু ব্যাটিংটা ঠিকমতো ক্লিক না করায় ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারল না বাংলাদেশ ‘এ’। সৌম্য সরকার, নাঈম ইসলামের দুটি ফিফটির সঙ্গে মোসাদ্দেক হোসেন ও ইলিয়াস সানীর দুটো চল্লিশোর্ধ ইনিংসও পরাজয় ঠেকাতে পারেনি দলের। শাহরিয়ার নাফীস, মার্শাল আইয়ূব আর মুমিনুল হক—এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের সম্মিলিত সংগ্রহ মাত্র ৬ রান হওয়াতেই রান তাড়ায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই ক্ষতি শেষ অবধি আর পুষিয়ে নেওয়া যায়নি।

উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্যর ব্যাট থেকে আসে ৫৬। নাঈম ৬৬, মোসাদ্দেক ৪৯ ও ইলিয়াস সানী ৪২ রান করেন। মোসাদ্দেক ও ইলিয়াস সানীর দুটো ইনিংসই বাংলাদেশ ‘এ’ দলকে টেনে নিয়ে যায়
অনেকদূর। জিম্বাবুয়ের তাফাদজুয়া কামুনজগি মাত্র ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েই মূল সর্বনাশটা করে দেন।

এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পরশু ৩০ সেপ্টেম্বর। ভেন্যু ওই ফতুল্লাই।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ’ ২৫৩/৬ (৫০ ওভার)
চাকাভা ১৩২, সিবান্দা ৫২
জুবায়ের ২/৫৩, মুমিনুল ২/৪৭
মোসাদ্দেক ১/৩৬
বাংলাদেশ ‘এ’ ২৩৬/১০ (৪৯.৩ ওভার)
সৌম্য সরকার ৫৬, নাঈম ইসলাম ৬৬, মোসাদ্দেক হোসেন ৪৯, ইলিয়াস সানী ৪২
তাফাদজুয়া কামুনজগি ৪/২৪, কাচবেব মসুকা ২/২৬, টিমিচেন মারুমা ১/২
(জিম্বাবুয়ে ‘এ’ ১৭ রানে জয়ী)