ফতুল্লার স্মৃতি নিয়ে আসছে অস্ট্রেলিয়া
২০০৬-এর ফতুল্লা টেস্টটা এখনো ভুলতে পারেননি অ্যাডাম গিলক্রিস্ট। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪২৭ রানের পর একপর্যায়ে ৯৩ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকেও যে দলটি শেষ পর্যন্ত ফলোঅন এড়াল, সেটা গিলক্রিস্টের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদেই। ওই টেস্ট কী করে ভোলেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান!
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টের আসন্ন সিরিজই স্মৃতির সরণিতে তুলে আনল ওই টেস্ট। কাল সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক বলেছেন, ‘ইতিহাস বলবে না যে, কত কঠিন ম্যাচ ছিল সেটা। আমি আমার অন্যতম সেরা সেঞ্চুরিটা করেছিলাম ওই ম্যাচে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ছিল বলেই হয়তো ওটা সবার দৃষ্টির আড়ালে পড়ে গেছে।’
এবারের সিরিজেও যদি কোনো টেস্টে অস্ট্রেলিয়া একই পরিস্থিতিতে পড়ে এবং গিলক্রিস্টের মতোই তাদের কোনো ব্যাটসম্যান দলকে বাঁচাতে এগিয়ে আসেন, সেটা অবশ্য দৃষ্টির আড়ালে থাকবে না। কারণ ওয়ানডেতে টানা সাফল্যের কারণে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের খেলা এখন গোটা ক্রিকেট বিশ্বের কাছেই একটা আকর্ষণ।
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে আগামী ২৮ সেপ্টেম্বর। ২৫ দিনের সফরে ফতুল্লায় ৩ অক্টোবর থেকে শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচ ছাড়া শুধু দুটি টেস্টই খেলবে তারা। ৯ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর।
২০০০ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট সিরিজ হবে এটি বাংলাদেশের। ২০০৩-এর প্রথম সিরিজেও অস্ট্রেলিয়ার ডারউইন আর কেয়ার্নসে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ দল।