ফতুল্লায় আজ বাংলাদেশেরও প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে ওয়ানডে সিরিজটা শুরু হবে আগামী পরশু। তার আগে ফতুল্লায় আজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে জিম্বাবুয়ে দল। তবে সেখানে শুধু জিম্বাবুয়ে দলের প্রস্তুতিই হবে না। সকাল নয়টায় শুরু ৫০ ওভারের এই ম্যাচটি প্রস্তুতির উপলক্ষ হয়ে আসছে বাংলাদেশ দলের কাছেও।
ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটার আছেন প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলে। মাশরাফির থাকার কারণটা তো স্পষ্টই। কোচ চন্ডিকা হাথুরুসিংহে কাল আরও খোলাসা করে বললেন, ‘সে এখনো শতভাগ ফিট নয়। সে জন্যই অনুশীলন ম্যাচ খেলছে। তাকে ফিটনেস প্রমাণ করতে হবে। অনুশীলন ম্যাচ শেষে আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
প্রথম দুই ওয়ানডে দলের মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও জুবায়ের হোসেনও আছেন প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে। নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ব্যাটিং অনুশীলনের জন্য মুশফিক নিজেই ম্যাচটা খেলতে চেয়েছেন। এ ছাড়া ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না বলে সাব্বির ও লিটনকেও অনুশীলনের সুযোগ দিতে চেয়েছেন হাথুরুসিংহে।
ফতুল্লায় আজ তাই সফরকারী দলের ম্যাচ অনুশীলনের সুযোগটাকেই বড় করে দেখা গতানুগতিক প্রস্তুতি ম্যাচ হবে না। এ ম্যাচে চোখ থাকবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টেরও। কোচ হিসেবে জাতীয় দলের সহকারী কোচ রুয়ান কালপাগে তো দলের সঙ্গেই থাকবেন। মিরপুরে অনুশীলন নেই বলে যেতে পারেন হাথুরুসিংহেও।