ফতুল্লায় বাকি চার দিনেও বৃষ্টির বাগড়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিনের মতো বাকি চার দিনও বাগড়া দিতে পারে বৃষ্টি। ছবি: শামসুল হক
প্রথম দিনের মতো বাকি চার দিনও বাগড়া দিতে পারে বৃষ্টি। ছবি: শামসুল হক

ফতুল্লা টেস্টের প্রথম দিনেই বৃষ্টির হানা। খেলা বন্ধ ছিল প্রায় প্রায় চার ঘণ্টা। দিনের ৩৪ ওভার খেলা নষ্ট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও একইভাবে বাগড়া দিতে পারে বৃষ্টি।
সকাল ১০টায় ম্যাচের শুরু থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ফ্লাডলাইট থাকায় কৃত্রিম আলো জ্বালিয়ে শুরু হয় ম্যাচটা। কিন্তু বেলা ১১টা ৩৫ মিনিটে বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এক ঘণ্টারও বেশি সময় পর বৃষ্টি থামে। ফতুল্লার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় আউটফিল্ড উপযোগী করে খেলা শুরু হতে বেজে যায় বিকেল সাড়ে তিনটা। প্রায় একটা সেশন নষ্ট।
কিন্তু বৃষ্টির বাধা কি শুধু আজকেই শেষ? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য, মৌসুমি বায়ু ইতিমধ্যে বাংলাদেশের মধ্যভাগ অর্থাৎ ঢাকা ও তার আশপাশের এলাকায় পৌঁছে গেছে। এ বায়ুর প্রভাবে ঢাকা-নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আজ রাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়। মৌসুমি বায়ুর প্রভাবে নারায়ণগঞ্জে আগামী দুই-তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিন-রাত মিলিয়ে একাধিকবার বৃষ্টি হতে পারে।
তেমনটি হলে ফতুল্লা টেস্ট আরও বৃষ্টি বাধার মুখোমুখি হতে পারে। পাঁচ দিনের টেস্টে প্রতি দিন তিন সেশনে ৯০ ওভার করে খেলা হয়। বৃষ্টি আজকের মতো বাগড়া দিতে থাকলে প্রতি দিনই কাটা পড়বে ওভারের সংখ্যা।
গত জুনেও ভারতের বাংলাদেশ সফরের তিনটি ওয়ানডেতেই বাগড়া দিয়েছিল বৃষ্টি।