সতর্ক বার্তা দিল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা যে ‘সহজ’ কিছু হচ্ছে না, আজ ফতুল্লায় তারই একটা বার্তা পেয়ে গেল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ২৭৭ রানের সংগ্রহ গড়েও জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে হেরেছে বিসিবি একাদশ।
ক্রেইগ আরভিন ৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। শন উইলিয়ামসের ব্যাট থেকে এসেছে ৫৪। এই দুজনের পাশাপাশি অধিনায়ক এলটন চিগুম্বুরার দুর্দান্ত ব্যাটিংয়েই জয় এসেছে জিম্বাবুয়ের। চিগুম্বুরা ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। সেটিও ২০ বল বাকি থাকতেই।
আক্ষরিক অর্থেই প্রস্তুতি ম্যাচ, ১১ জন করে ব্যাটিং করলেও বিসিবি একাদশের পক্ষে খেলেছেন ১৪ জন, জিম্বাবুয়ে দলের ১৬ জনই। বিসিবি একাদশের আটজন বোলিং করেছেন। খরুচে প্রায় সবাই। ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠা মাশরাফি অবশ্য মোটামুটি ভালোই বল করেছেন, কোনো উইকেট না পেলেও ৭ ওভারে দিয়েছেন ৩১ রান। তৌহিদুল ইসলামও মিতব্যয়ী ছিলেন (৭ ওভারে ২৪)। কিন্তু বাকিরা রান খরচে ছিলেন যথেষ্ট উদার। সানজামুল ইসলাম ২ উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছেন ৭০। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষিক্ত জুবায়ের ৪ ওভারে দিয়েছেন ৩৪ রান। জুবায়েরের লেগ স্পিন নিয়ে ডেভ হোয়াটমোর যে দলকে যথেষ্ট ‘হোমওয়ার্ক’ করিয়েছেন, আজ ফতুল্লায় সেটা বোঝা গেল। ৯ ওভার বল করে ৪৭ রান দিয়ে জিম্বাবুয়ের অন্য উইকেটটি শফিউল ইসলামের।
আরভিন ৯৫ রানের ইনিংসটি খেলেছেন ৯৯ বলে। ৯টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর এই ইনিংস। চিগুম্বুরা ৪৯ বলে ৬৪ রান করেন ৪টি চার ও ৩টি ছয়ে। তাঁর ব্যাটের ঝড়েই মোটামুটি বড় লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমেও শেষ অবধি সহজ জয় জিম্বাবুয়ের।
এর আগে, সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৭৭ রান। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮১ রান। ইমরুল করেন ৫৬, এনামুলের ব্যাট থেকে আসে ৫২। শাহরিয়ার নাফীস করেন ৩৮।
জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন গ্রায়েম ক্রেমার ও লুক জঙ্গুয়ে।

সংক্ষিপ্ত স্কোর কার্ড
বিসিবি একাদশ ২৭৭/৮ (৫০ ওভার)
মুশফিকুর রহিম ৮১*, ইমরুল কায়েস ৫৬, এনামুল হক ৫২, শাহরিয়ার নাফীস ৩৮
গ্রায়েম ক্রেমার ২/২১, জঙ্গুয়া ৩/২০
জিম্বাবুয়ে ২৮১/ ৩ (৪৬.৪ ওভার)
ক্রেইগ আরভিন ৯৫, এলটন চিগুম্বুরা ৬৪*, শন উইলিয়ামস ৫৪
সানজামুল ইসলাম ২/৭০, শফিউল ইসলাম ১/৪৭
(জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী)