ফতুল্লায় ব্যাটে-বলে কাপুগেদারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি আবাহনী-মোহামেডান। কিন্তু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ডামাডোলে চাপা পড়ে যাওয়া লড়াইটা মাঠেও ছিল নিরুত্তাপ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচটা কাল ৫ উইকেটে জিতে নিয়েছে আবাহনী। ১৩ রানে ৪ ও ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা মোহামেডানের দেড় শ ছাড়ায় নাঈম ইসলাম ও মাশরাফি বিন মুর্তজার ৭১ রানের সপ্তম উইকেট জুটির সৌজন্যে। আটে নেমে সর্বোচ্চ ৬১ রান করা অধিনায়ক মাশরাফির ৭৩ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। আবাহনী ৭৩ বল হাতে রেখেই পৌঁছে যায় লক্ষ্যে।
আবাহনী-মোহামেডান লড়াইয়ের দিনে সব আলো কেড়ে নিয়েছেন ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান খেলোয়াড় চামারা কাপুগেদারা। ফতুল্লায় ব্যাট হাতে ক্যারিয়ার-সর্বোচ্চ অপরাজিত ১৬১ রান করার পর কাপুগেদারা করেছেন লিস্ট ‘এ’ ক্যারিয়ার–সেরা বোলিং (৪/৪১)। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সেই প্রাইম ব্যাংককে ৬৬ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। কাপুগেদারার ১৬১ রান বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচের সর্বোচ্চ ইনিংস। গত বছর এই ফতুল্লাতেই আগের রেকর্ডটি করেছিলেন প্রাইম ব্যাংকের রবি বোপারা (১৫৭*)।
বিকেএসপিতে আরেকটি লো স্কোরিং ম্যাচে অবশ্য জমজমাট লড়াই হয়েছে। ১৫৩ রানে অলআউট হয়েও কলাবাগান একাডেমির বিপক্ষে ৮ রানে জিতেছে ব্রাদার্স।

সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-মোহামেডান, মিরপুর
মোহামেডান: ৫০ ওভারে ১৬৮/৯ (মাশরাফি ৬১, নাঈম ৪৫, আরিফুল ১৬; শুভাশিস ৩/১৮, আল আমিন ২/২৭, সাকলাইন ১/১৩, জিয়া ১/২৮)। আবাহনী: ৩৭.৫ ওভারে ১৬৯/৫ (লিটন ৫৫, রকিবুল ৪১, রাজাপক্ষে ২৯, নাসির ২৪; আলাউদ্দিন ২/২৬, নাঈম ১/১৫, রাহাতুল ১/২৪)।
ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী।

প্রাইম ব্যাংক-ভিক্টোরিয়া, ফতুল্লা
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ৩০১/৪ (কাপুগেদারা ১৬১*, নাদিফ ৭০, ধীমান ২৪*; তাপশ ২/৪৩, সৌম্য ১/৪৩, এনামুল জু. ১/৪৩)। প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৩৫ (তাইবুর ৭৭, সৌম্য ৪৩, সৈকত ২১, সাদমান ২১; কাপুগেদারা ৪/৪১, সোহরাওয়ার্দী ৩/৪৮, এনামুল ১/২৫, কামরুল ১/৩৫)।
ফল: ভিক্টোরিয়া ৬৬ রানে জয়ী।

কলাবাগান একাডেমি-ব্রাদার্স, বিকেএসপি
ব্রাদার্স: ৪৮.১ ওভারে ১৫৩ (সিরিবর্দনা ৫৭, অভিষেক ২০, নাজিমউদ্দিন ১৪; নাবিল ২/১২, মেন্ডিস ২/৩০, জোশি ১/১১, মেহেদি ১/১৬, মাহমুদুল ১/২০, বিশ্বনাথ ১/২২, শরীফ ১/২৫)। কলাবাগান একাডেমি: ৪৭.১ ওভারে ১৪৫ (মাহমুদুল ৫৫, সাব্বির ৩৬, বিশ্বনাথ ১৫*; আসিফ ৪/২৮, রনি ২/২৩, সাদিকুর ১/১০, শাহজাদা ১/১৭, নাজমুস ১/৩০)।
ফল: ব্রাদার্স ৮ রানে জয়ী।