ফতুল্লায় সেদিন 'আতঙ্কে' ছিল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৪ রানের ইনিংসটা খেলার পথে গিলক্রিস্ট। ছবি: এএফপি
১৪৪ রানের ইনিংসটা খেলার পথে গিলক্রিস্ট। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার তখন সোনালি সময়, সত্তর-আশির দশকে যা ছিল ওয়েস্ট ইন্ডিজের। আজ থেকে ১১ বছর আগে মহাপরাক্রমশালী সেই দলটার বিপক্ষে বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াই করবে—এমনটা কে ভেবেছিল! কিন্তু সবাইকে অবাক করে ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লা টেস্টে পন্টিংদের কঠিন পরীক্ষা নিল হাবিবুল বাশারের দল। প্রথম ইনিংসে কাঁপতে থাকা অস্ট্রেলিয়াকে কোনোভাবে টেনে তুলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেবারই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষবারের মতো টেস্ট খেলেছিল।

সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান গিলক্রিস্টের স্মৃতিতে ভেসে এল নিজেদের ব্যাটিং-বিপর্যয়ের কথা। ফতুল্লার প্রথম টেস্টটি বাংলাদেশের জন্য ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা। রিকি পন্টিংয়ের দল প্রথম ইনিংসে বাংলাদেশের ৪২৭ রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ৯৩ রানেই! অস্ট্রেলিয়ার ২০০ রান করা নিয়ে যখন সংশয়, তখন হাল ধরেছিলেন গিলক্রিস্ট। তাঁর ২১২ বলে ১৪৪ রানের অসাধারণ এক ইনিংসেই করেই অস্ট্রেলিয়ার স্কোরটা ভদ্রস্থ হয়েছিল। অস্ট্রেলিয়ার একটি রেডিও স্টেশনের সঙ্গে সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ‘সেবার বাংলাদেশে যাওয়ার আগে দুই টেস্টের সিরিজটা নিয়ে আমাদের ভাবনা ছিল—যাব, ওদের গুঁড়িয়ে দিয়ে চলে আসব। কিন্তু ওরা এমনভাবে আমাদের আক্রমণ করল...আমি যখন ব্যাট করতে নামি, দল ছিল আতঙ্কে।’

৯৬ টেস্ট খেলা গিলক্রিস্ট তিন অঙ্ক ছুঁয়েছেন ১৭ বার। এই ১৭ ইনিংসে আক্রমণাত্মক ব্যাটসম্যান ‘গিলি’র স্ট্রাইক রেট ৯৬.৬৪। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যে সেঞ্চুরিটি করেছিলেন, সেটির স্ট্রাইক রেট ৬৭.৯২। চাপের মুখে স্পিন-সহায়ক উইকেটে যেভাবে ধৈর্যের প্রতীক হয়ে ইনিংসটা খেলেছিলেন, সেটি স্মরণীয় এখনো এই উইকেটকিপার-ব্যাটসম্যানের কাছে। এর তাৎপর্যটাও তাঁর কাছে অন্য রকমই, ‘নিচের দিকে দুজন সঙ্গীকে কোনোভাবে পেয়েছিলাম। তাতেই সেঞ্চুরিটা হয়ে যায়। আমার ক্যারিয়ারে কঠিন লড়াই করে পাওয়া সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি ছিল সেটি।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।