ফতুল্লা-মিরপুরে বৃষ্টির জয়
বৃষ্টির কারণে ইনিংস সংক্ষিপ্ত করেও শেষ করা গেল না হয়নি প্রিমিয়ার লিগে মিরপুর ও ফতুল্লার দুই ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমি-প্রাইম ব্যাংক ও ফতুল্লায় মোহামেডান-ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ম্যাচ দুটি নিয়ে যাওয়া হয়েছে রিজার্ভ ডেতে। আগামীকাল রোববার হবে খেলা দুটির শেষ অংশ।
মিরপুরে কলাবাগান ক্রিকেট একাডেমি ও প্রাইম ব্যাংকের ম্যাচটি বৃষ্টির কারণে নামিয়ে আনা হয় ২১ ওভারে। টসে হেরে ব্যাট করা কলাবাগান ক্রিকেট একাডেমি সংক্ষিপ্ত ওভারে খুব একটা সুবিধা করতে পারেনি। ৮৯ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস।
কলাবাগান ক্রিকেট একাডেমির পক্ষে সর্বোচ্চ ১৯ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। এ ছাড়া তাপস ঘোষ ১২, প্রসেনজিৎ দাস ১১ ও আবদুল হালিম ১১ রান করেন।
প্রাইম ব্যাংকের মোহাম্মদ আজিম ও মনির হোসেন নিয়েছেন ৩টি করে উইকেট। শেহান জয়াসুরিয়া পেয়েছেন ১ উইকেট।
এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানকে রীতিমতো চ্যালেঞ্জই জানিয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। বৃষ্টির কারণে ২৫ ওভারে নির্ধারিত এই ম্যাচে আগে ব্যাট করে সিসিএস করেছে ১৪৯ রান।
সালমান হোসেন করেছেন সর্বোচ্চ ৫৮। এ ছাড়া অমিত মজুমদার ২৪ ও উত্তম সরকার ২৪ রান করেছেন।
মোহামেডানের সেরা বোলার ছিলেন আরিফুল হক। ২৯ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। হাবিবুর রহমান নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া শুভাশিস রায়, নাঈম জুনিয়র আর এনামুল হক জুনিয়র পেয়েছেন একটি করে উইকেট।