ফন জিল দক্ষিণ আফ্রিকার নতুন ক্যালিস?

একজন জ্যাক ক্যালিস কি আবার কখনো জন্মাবেন? ক্রিকেটের গোলাকার মাঠ কি আবার পাবে তাঁর মতো কারও দেখা? প্রশ্নটার উত্তর সময়ই বলে দেবে। তবে নতুন ক্যালিস হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে এসে গেছেন স্টিয়ান ফন জিল। ক্যালিসের মতো কেপ টাউনের এই তরুণ আজ অভিষেক টেস্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাঁর অপরাজিত ১০১, হাশিম আমলার তৃতীয় ডাবল সেঞ্চুরি আর এবি ডি ভিলিয়ার্সের ১৫২ রানে ৫ উইকেটে ৫৫২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
ফন জিল নিজেকে ব্যাটসম্যান হিসেবেই পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন। কিন্তু তাতে তাঁর বোলিং সত্তা মুছে যায় না। ক্যারিয়ার শুরুই করেছিলেন ফাস্ট বোলার হিসেবে। কিন্তু পরে খোলস পাল্টে ব্যাটসম্যান হয়ে গেছেন। কিন্তু দলের প্রয়োজনে বল হাতে নিলে বের হয়ে আসে পুরোনো পরিচয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮২ রানে ৭ উইকেট নেওয়ার ক্যারিয়ার-সেরা পরিসংখ্যানও দিচ্ছে সেই সাক্ষী।
ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করে গেলেও জাতীয় দলে সুযোগ মিলছিল না। গ্রায়েম স্মিথ, ক্যালিসদের সরিয়ে জায়গা পাবেন কী করে। দুই বছর ধরে জাতীয় দলের দরজায় কড়া নেড়ে যাচ্ছেন। অবশেষে স্মিথ-ক্যালিসদের বিদায় সেই সুযোগ এনে দিল। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সফর করে এলেও একাদশে জায়গা মেলেনি। সেঞ্চুরিয়নে জায়গা পেতেই সেঞ্চুরি দিয়েই পাকা আসনটার দাবি করে বসলেন। মাত্র পঞ্চম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি।
ব্যাটিংয়ে সামর্থ্যের প্রমাণ হিসেবে থাকল আজকের ইনিংসের ১৫টা বাউন্ডারিও। এর সঙ্গে বোলিংটাতেও মনোযোগ দিলে, কে জানে, ক্যালিসের শূন্যতা হয়তো ফন জিলেই পূরণ করবে দক্ষিণ আফ্রিকা।