ফরহাদ-তানভীরের সেঞ্চুরি
চার দিনের ক্রিকেটকে আকর্ষণীয় করতেই বিসিএলের ধারণা, প্রথম শ্রেণির ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিদের আগমন। অথচ এবার সেটাই হয়ে পড়ল বিবর্ণ! জিম্বাবুয়ে সিরিজের কারণে গতকাল থেকে শুরু বিসিএলে খেলছেন না জাতীয় দলের ক্রিকেটাররা।
এটা অবশ্য জানাই ছিল। বিসিএল-আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পরেরটাই অগ্রাধিকার পাবে স্বাভাবিক। কিন্তু সিরিজ-পূর্ব প্রস্তুতিতে জাতীয় দলকে ‘জোগান’ দিতে খুলনায় গিয়ে আরও ১০ ক্রিকেটারেরও যে খেলা হচ্ছে না প্রথম পর্বের ম্যাচে! তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে রং হারানো বিসিএল তাতে আরও ম্লান, হয়ে পড়তে পারে প্রতিদ্বন্দ্বিতাহীনও।
ম্লান বিসিএলকে কাল কিছুটা রং দিলেন ফরহাদ হোসেন ও তানভীর হায়দার। টুর্নামেন্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের এই দুই ব্যাটসম্যান। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ফরহাদের ১০৬ রানের ইনিংেস দিন শেষে ৬ উইকেটে ২৯১ রান তুলেছে উত্তরাঞ্চলের স্কোরবোর্ডে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ওয়ালটন মধ্যাঞ্চলের রান প্রথম দিনেই ৫ উইকেটে ৩০৩। অথচ পূর্বাঞ্চলের দুই পেসার আবুল হাসান ও আবু জায়েদের তোপে প্রথম ৪ উইকেট পড়ে গিয়েছিল মাত্র ২৬ রানে! লাঞ্চের সময় স্কোর ৪ উইকেটে ৯০। মার্শাল আইয়ুবের (৭৬) সঙ্গে পঞ্চম উইকেটে ১৩৫ রান যোগ করে ইনিংসের চেহারা বদলে দিতে শুরু করেন তানভীর। দলের ১৬১ রানে মার্শালের বিদায়েও দিন শেষে অক্ষত সেটা। ষষ্ঠ উইকেটে তানভীর-শরীফুল্লাহর (৮৯*) জুটিটাও যে অবিচ্ছিন্ন ১৪২ রানের! লাঞ্চের পর বাকি দিনে উইকেট পড়েছে শুধু মার্শালেরটাই।
প্রথম পর্বের শুরুতেই দুই ভেন্যুতে আলো জ্বাললেন তানভীর-ফরহাদ। টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানের কথা ঠিক হলে ১৯ জানুয়ারি থেকে শুরু দ্বিতীয় পর্বে যোগ হতে পারে তারকাদ্যুতিও, ‘আমি যতটুকু জানি, জিম্বাবুয়ে সিরিজ শুরু হয়ে গেলে জাতীয় দলের বাইরের খেলোয়াড়েরা বিসিএলে খেলবে। আমাদের সর্বশেষ সভায় সে রকমই সিদ্ধান্ত হয়েছে।’
তবে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাকি ইচ্ছা, ওই ১০ ক্রিকেটার জাতীয় দলের সঙ্গে খুলনাতেই থাকুক। কারণ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজের পরও খুলনায় কিছুদিন ক্যাম্প চালাবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
মধ্যাঞ্চল: ৮৮ ওভারে ৩০৩/৫ (তানভীর ১০৮*, শরীফুল্লাহ ৮৯*, মার্শাল ৭৬; হাসান ৩/৪১, জায়েদ ২/৬০)।
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল: ৯১ ওভারে ২৯১/৬ (ফরহাদ ১০৬, আরিফুল ৬২*, মাইশুকুর ৩০; সোহাগ ২/৯৫, রাজ্জাক ২/১১৮)।