ফর্মে ফিরলেন কোহলি

অবশেষে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট অনায়াসে জিতলেও হাসছিল না ভারত অধিনায়কের ব্যাট। চার ইনিংসে একটিও ফিফটি নেই। দুবার তো দুই অঙ্কেই আউট হলেন। আজ তাই বিশাল চাপ নিয়েই খেলতে নেমেছিলেন কোহলি। অপরাজিত এক সেঞ্চুরিতে সে চাপকে রীতিমতো উড়িয়ে দিলেন। তাঁর সেঞ্চুরিতে ভারতও আছে ভালো অবস্থানে। ৩ উইকেট হারিয়ে ২৬৭ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল।
আজ টেস্ট অভিষেক হলো ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামের। সে অভিষেক রাঙিয়ে দিল কোহলির সেঞ্চুরি। সিরিজ তো জিতেই গেছে ভারত। তৃতীয় টেস্ট থেকে শুধু একটি জিনিস চাওয়ার ছিল ভারতের, কোহলির ফর্মে ফেরা। ফর্মে ফিরলেন কোহলি, চার টেস্ট পরে সেঞ্চুরি পেলেন।
অথচ কী দুর্দান্ত ভাবেই না শুরু হয়েছিল কোহলির ওয়েস্ট ইন্ডিজ সফর। অ্যান্টিগা টেস্টের একমাত্র ইনিংসে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন। তারপর যেন ব্যাটিংটাই ভুলে গেলেন কোহলি। এই সিরিজে তো একদম ৯ এর গুণিতকে রান করছিলেন,। প্রথম টেস্টে ৯ ও ১৮। দ্বিতীয় টেস্টেও ৯ ও ৪৫!
আজ আর ৯-এর ব্র্যাকেটে আটকা পরলেন না কোহলি। দুই উইকেট পড়ার পর মাঠে নেমেছিলেন, ২ বছর পর টেস্ট খেলতে নামা গৌতম গম্ভীর (২৯) ফেরার পর। একটু পরে পূজারাও ফিরলেন। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও জিতেন প্যাটেলও খুব ভালো বল করছিলেন তখন। ম্যাট হেনরির বাউন্সারও ভয় জাগাচ্ছিল মাঝেমধ্যে। কিন্তু দারুণ পায়ের কাজ ও স্ট্রোকের দ্যুতিতে সব চাপ দূর করে দিলেন কোহলি।
অজিঙ্কা রাহানেকে (৭৯*) নিয়ে চতুর্থ উইকেট জুটিতে যোগ করলেন ১৬৭ রান।