ফর্মের কারণে ওয়ার্নারকে বাদ দেয়নি হায়দরাবাদ
আইপিএল ২০২১–এর শুরু থেকেই খুব একটা ভালো করতে পারছিলেন না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএল ভারতে শুরু হলেও করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ার কারণে মাঝপথেই তা বন্ধ হয়ে যায়। কয়েক মাস পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় দ্বিতীয় পর্ব।
ওয়ার্নার সুবিধা করতে পারেননি কোনো পর্বেই। সব মিলিয়ে ২০০ রানও স্পর্শ করতে পারেননি হায়দরাবাদের মূল ব্যাটিং ভরসা। তাই ফ্র্যাঞ্চাইজিটা তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি একাদশ থেকে একপ্রকার ছুড়েই ফেলে দেয় ওয়ার্নারকে। অথচ এই ওয়ার্নারই টানা দুই মৌসুম নেতৃত্ব দিয়েছেন দলটিকে, জিতিয়েছেন শিরোপা।
কিন্তু আইপিএলের এক মাস পর থেকেই শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেল অন্য এক ওয়ার্নারকে, ফর্মহীনতার ছিটেফোঁটাও দেখা যায়নি তাঁর মধ্যে। উল্টো দারুণ ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন শিরোপা, নিজে পেয়েছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
এর পর থেকেই হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে, কেন তাঁরা ওয়ার্নারকে এভাবে বাদ না দিয়ে আরও কয়েক ম্যাচ সুযোগ দিল না। এসব সমালোচনার জবাব দিয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। ওয়ার্নারকে কেন বাদ দেওয়া হয়েছিল, এ নিয়ে কথা বলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ এবং ওয়ার্নারের সাবেক সতীর্থ ব্র্যাড হ্যাডিন।
হ্যাডিন স্পষ্টভাবে জানিয়ে দেন, ফর্মের কারণে দল থেকে বাদ দেওয়া হয়নি ওয়ার্নারকে, ‘আমি আপনাকে বলি, ফর্ম না থাকার কারণে ওয়ার্নারকে দল থেকে বাদ দেওয়া হয়নি। আমার মনে হয়, একটা জিনিস আপনাদের বোঝা উচিত যে ডেভিডের মধ্যে কোনো ফর্মহীনতা ছিল না। ওর শুধু পর্যাপ্ত ম্যাচ খেলার ঘাটতি ছিল। ওদের (হায়দরাবাদ) লম্বা একটা বিরতি ছিল, পাশাপাশি সে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশেও যায়নি। কিন্তু মানসিকভাবে ওয়ার্নার খুবই ভালো অবস্থায় ছিল। সে নেটেও খুব ভালোভাবে বল মারতে পারছিল। কিন্তু কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এমনকি কোচিং স্টাফও।’
হ্যাডিন জানান, কয়েকটি ম্যাচ খেললেই ওয়ার্নার ছন্দ ফিরে পেত, ‘কিন্তু তাঁকে বাজে ফর্মের জন্য দল থেকে বাদ দেওয়া হয়নি। তার শুধু কয়েকটা ম্যাচ খেলার দরকার ছিল। সে খুব ভালো করছিল নেটে। ছন্দ ফিরে পেতে ওর ক্রিজে কিছু সময় কাটানোর দরকার ছিল। বিশ্বকাপ যতই সামনে গড়িয়েছে, আপনারা ও কত উঁচুমানের ব্যাটসম্যান, তা দেখতে পেয়েছেন। ছন্দ ফিরে পাওয়ায় তাঁর ব্যাটিং দেখতে খুবই ভালো লাগছিল।’