ফল দেখছে তিন ম্যাচ

প্রথম রাউন্ডের ম্যাচগুলোর ভাগ্য গড়েছিল বৃষ্টি। ড্র হয়েছিল চারটি ম্যাচই। দ্বিতীয় রাউন্ডেও দুই-একটি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। তবে আকাশ ভেঙে নামেনি। খুলনায় বরিশাল-সিলেটের ম্যাচটি ছাড়া ফলাফল হওয়ার সম্ভাবনা নিয়েই তাই শুরু হচ্ছে আজ শেষ দিনের খেলা। খুলনায় প্রথম তিন দিনে দুদলের প্রথম ইনিংসই শেষ হয়নি।
এই রাউন্ডে বৃষ্টি সবচেয়ে ঝামেলা করেছে মিরপুরে। কালও প্রায় এক সেশন নষ্ট হয়েছে। তৃতীয় দিনেও শুরু হয়নি ম্যাচের তৃতীয় ইনিংস। তবে তাতেও কমেনি ঢাকা মহানগরের হারের শঙ্কা। খুলনার প্রথম ইনিংসের ৪৫৫ রানের জবাবে ২৭১ রানে অলআউট। ১৮৪ রানে এগিয়ে থাকা খুলনা মহানগরকে ফলোঅন করায় কি না, তার ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

পরশু ৩১ রানেই ৪ উইকেট হারানো মহানগর বিপর্যয় এড়িয়েছে মার্শাল-আসিফ-শরীফউল্লাহ ত্রয়ীর ব্যাটে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে একাদশ সেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুব। ১০৭ রানের ইনিংস খেলার পথেই বাংলাদেশের ১৮তম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ৫ হাজার রানের মাইলফলকও। পঞ্চম উইকেটে মার্শালের সঙ্গে ১২০ রান যোগ করা আসিফ করেছেন ৪৭। আটে নেমে ৬৬ রানে অপরাজিত ছিলেন শরীফউল্লাহ। তৃতীয় দিনে মহানগরের ৬টি উইকেটই নিয়েছেন খুলনার অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
দিন শেষে সেঞ্চুরিয়ান মার্শাল প্রশংসা করলেন খুলনার বোলিংয়ের, ‘উইকেট ভালো ছিল। তবে ওরা ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে যেটা আমরা করতে পারিনি।’ জাতীয় দলে ফিরতে আরও অনেক রান করতে হবে—এই সত্যিটাও তাঁর জানা।
বগুড়ায় ইনিংস পরাজয় এড়াতে আরও ১৪৬ রান করতে হবে রংপুরকে। বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় ইনিংসে ৫৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করা নাসির হোসেন দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই ফিরেছেন মোশাররফের বলে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে পরপর দু বলে আউট করেছেন সায়মন ও নাসিরকে।
রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে জিততে শেষ দিনে স্বাগতিকদের দরকার ১৫৯ রান। ২৫৭ রানের লক্ষ্যে ছোটা রাজশাহী কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছে ৯৮। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফিফটি পেয়েছেন অধিনায়ক জুনায়েদ সিদ্দিক।
খুলনায় প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৬৩ রান তুলেছে সিলেট। সেঞ্চুরি পেয়েছেন ওপেনার ইমতিয়াজ হোসেন। প্রথম ও দ্বিতীয় উইকেটে শানাজ আহমেদ ও জাকির হাসানের সঙ্গে ১২২ ও ১৪৫ রান যোগ করা ইমতিয়াজ করেছেন ১২৭।
সংক্ষিপ্ত স্কোর
* বরিশাল-সিলেট, খুলনা
বরিশাল ১ম ইনিংস: ৫২৭/৯ ডি.।
সিলেট ১ম ইনিংস: ১৩৮ ওভারে ৩৬৩/৭ (ইমতিয়াজ ১২৭, জাকির ৮৯, শানাজ ৫৮, রাজিন ৫৫*; সোহাগ ৩/৭৫)।
* রাজশাহী-চট্টগ্রাম, রাজশাহী
চট্টগ্রাম: ৩৮৩ ও ৬৭.২ ওভারে ১৮১ (ইয়াসির ৬১, ইরফান ৫৫; সানজামুল ৩/৩৯, তাইজুল ৩/৭২)।
রাজশাহী: ৩০৮ ও ২০ ওভারে ৯৮/০ (জুনায়েদ ৫৩*, নাজমুল ৪৫*)।
*ঢাকা বিভাগ-রংপুর, বগুড়া
ঢাকা বিভাগ: ৪৪৯। রংপুর: ৯৮.১ ওভারে ২৪৮ (নাসির ৭৩, লিটন ৫১, সোহরাওয়ার্দী ৪৫; মোশাররফ ৬/৮২, শুভাগত ৩/৪৬) ও ২৮ ওভারে ৫৫/৩ (সায়মন ২১; মোশাররফ ২/১৩)।
* ঢাকা মহানগর-খুলনা, মিরপুর
খুলনা ১ম ইনিংস: ৪৫৫। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৯৫.৩ ওভারে ২৭১ (মার্শাল ১০৭, শরীফউল্লাহ ৬৬*, আসিফ ৪৭; মিরাজ ৬/৬১, মুস্তাফিজ ৩/৩৫)।