ফলোঅন এড়ানোই হোক প্রথম ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

অভিজ্ঞতা থেকে জানি, মিরপুরের উইকেটে প্রথম ইনিংসে পরে ব্যাট করা একটু কঠিনই। কাল দিন শেষে ৫ উইকেট চলে যাওয়ায় বাংলাদেশের কাজটা অনেক কঠিন হয়ে গেল। দিনের শুরু থেকেই দেখেছিলাম উইকেট খানিকটা অস্বাভাবিক আচরণ করছে। কখনো নিচু হয়ে যাচ্ছিল বল, কখনো হঠাৎ লাফ। এই সময়ে ব্যাটিং করা আসলেই একটু কঠিন। এখন ধৈর্য ধরে খেলাই বড় দায়িত্ব।
সাকিব উইকেটে আছে। এ মাঠেই ওর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৪৪ রানের ইনিংস আছে, সেটিও পাকিস্তানের বিপক্ষেই। আর সাকিব কী মানের ব্যাটসম্যান, আমরা সবাই জানি। সুতরাং একেবারে আশাহত হওয়ার কিছু নেই। সৌম্য-শুভাগত ওকে ভালো সঙ্গ দিতে পারলে ম্যাচের চিত্রটা বদলাতেও পারে। দরকার শুধু বড় এক বা দুটি জুটি। সাকিবকে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে, সৌম্য-শুভাগতর কাজ হবে ওকে সঙ্গ দেওয়া। রানের কথা না ভেবে উইকেটে বেশি সময় থাকার চিন্তা করা জরুরি।
লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে যদি আমরা ব্যাটিং করতে পারি, কিংবা একটা উইকেট গেলেও সমস্যা নেই। বাকি ৪ উইকেটে অন্তত আজ চা-বিরতি পর্যন্ত ব্যাট করতে পারলে ফলোঅন এড়ানো খুবই সম্ভব। আমার মনে হয় পাকিস্তানের ৫৫৭ রানের কথা ভুলে গিয়ে এখন ফলোঅন এড়ানোর কথাই প্রথমে ভাবা উচিত। সেটি করতে পারলে টেস্টটা ড্র করা অসম্ভব হবে না। আগেও বলেছি, পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ড্র করা বাংলাদেশের জন্য ভালো ফলই।
এ সফরে এখন পর্যন্ত জয়শূন্য পাকিস্তান। এই টেস্টে তারা জয়ের সুবাস পাচ্ছে। কোনো সন্দেহ নেই, পাকিস্তান মরিয়া চেষ্টা করবে জয় দিয়ে সফরটা শেষ করতে। কিন্তু এখনো তিন দিন বাকি। আমাদের হাতে সুযোগ আছে। আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য কতটা, তা খুলনায় প্রমাণিত। সেই সামর্থ্য আরও একবার মেলে ধরাই এখন শুধু দরকার।