ফলোঅন এড়াতে পারবে বাংলাদেশ?
৭ উইকেটে ৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনের খেলায় দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামকে (০) তুলে নেন সাজিদ খান। পরের ওভারে খালেদ আহমেদকে (০) ফিরিয়েছেন শাহিন আফ্রিদি। বাংলাদেশ ৯ উইকেটে ৭৭। ফলোঅন এড়াতে চাই আরও ২৪ রান।
সাকিবই ভরসা
শেষ উইকেট জুটিতে ইবাদত হোসেনকে নিয়ে ব্যাট করছেন সাকিব। ফলোঅন এড়াতে আরও ২০ রান চাই বাংলাদেশের। সাকিব কি পারবেন?
ফলোঅনে বাংলাদেশ
পঞ্চম দিনের খেলা শুরুর পর মাত্র ৬ ওভার টিকল বাংলাদেশের প্রথম ইনিংস। যোগ হয়েছে মাত্র ১১ রান।
সাকিবকে তুলে নিয়ে বাংলাদেশকে অলআউট করলেন সাজিদ খান। ৩৩ রানে ব্যাট করা সাকিব শর্ট কাভারে ক্যাচ দেন। এর মধ্য দিয়ে ৮৭ রানে অলআউট হলো বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ২১৩ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ল বাংলাদেশ। ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
পাকিস্তান বাংলাদেশকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নিয়েছে।
সাজিদের ভেলকি
বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১৫ ওভার বল করে ৪২ রানে ৮ উইকেট নিলেন অফ স্পিনার সাজিদ খান।
বাংলাদেশের মাটিতে এটি ইনিংসে দ্বিতীয় সেরা বোলিং। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই ঢাকায়ই ৩৯ রানে ৮ উইকেট নেন তাইজুল ইসলাম। তবে টেস্টে বাংলাদেশের বিপক্ষে সাজিদের বোলিং ফিগারই সেরা (১৫–৪–৪২–৮)।
পাকিস্তানের হয়ে টেস্টে এটি চতুর্থ সেরা বোলিং। দেশটির অফ স্পিনারদের মধ্যে ইতিহাসের সেরা।
ঘরের মাঠে সর্বনিম্ন সংগ্রহের তালিকায়
ঘরের মাঠে টেস্টে এটি (৮৭) বাংলাদেশের যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহের নজির। ২০০২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
২০০০ সালে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ
ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান।
বোলিংয়ের শুরু করেন শাহিন আফ্রিদি। পরের ওভারটি করেন হাসান আলী। দুই পেসার দিয়ে বোলিং শুরু করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়া অভিষিক্ত মাহমুদুল হাসান আলীকে চার মেরে টেস্ট ক্রিকেটে রানের খাতা খুলেছেন।
বোল্ড!
অভিষেক টেস্ট দুঃস্বপ্নই হয়ে রইল মাহমুদুল হাসানের জন্য। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভারে হাসান আলীর বলে বোল্ড হয়ে ফিরলেন এ ওপেনার। ৬ বলে ৬ রান করা মাহমুদুল প্রথম ইনিংসে ০ রানে আউট হন।
দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১২ রান তুলেছে বাংলাদেশ।
মিছিল শুরু?
বাংলাদেশের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কি ফেরার মিছিল শুরু হলো? মাহমুদুল আউট হওয়ার চার বল পরই শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হন সাদমান হোসেন (২)। ২ উইকেটে ১২ রান তুলেছে বাংলাদেশ।
মুমিনুলও!
নাজমুল আউট হওয়ার সাত বল পর অধিনায়ক মুমিনুল হকও আউট!
হাসান আলীর ভেতরে ঢোকানো বল ব্যাটে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। মুমিনুল রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না! তৃতীয় আম্পায়ারও মাঠের আম্পায়ারের সঙ্গে একমত হন। ৭ রান করে আউট হলেন মুমিনুল।
বাংলাদেশ ৩ উইকেটে ১৯ রান তুলেছে।
স্লিপে ক্যাচ শেখালেন নাজমুল
ফেরার মিছিল তাহলে থামেনি!
নবম ওভারে গালিতে দুই ফিল্ডার নিয়ে নাজমুল হোসেনের বিপক্ষে বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। প্রথম বলেই গালিতে দাঁড়ানো ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে আউট নাজমুল (৬)। দেখে মনে হয়েছে যেন ক্যাচ শেখালেন!
ছয়ে ব্যাটিংয়ে নেমেছেন লিটন দাস। অন্য প্রান্তে মুশফিকুর রহিম। ৪ উইকেটে ২৫ রান তুলেছে বাংলাদেশ।
১১বার!
২০২১ সালে টেস্টে এ পর্যন্ত মোট ১১বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের বোলাররা।
হাসান আলী একাই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন পাঁচবার!
শাহিন আফ্রিদি তিনবার।
নোমান আলী দুইবার।
সাজিদ খান একবার।
এ বছর টেস্টে ইনিংসে সবচেয়ে বেশিসংখ্যকবার ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের বোলাররা।
তাই বলে মাত্র ১৯!
প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ পর্যন্ত ৪ উইকেটে ২৭ রান তুলেছে মুমিনুলের দল।
ম্যাচের এ পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়তে পেরেছেন!
প্রথম ইনিংসে সাদমান–নাজমুল এবং সাকিব–নাজমুল ১৯ রানের জুটি গড়েন। দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে ৩১ বলে অবিচ্ছিন্ন ২ রানের জুটি গড়েছেন মুশফিক–লিটন।
পঞ্চাশ
ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে জুটি গড়ার চেষ্টা করছেন লিটন–মুশফিক। ৭০ বলে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়েছেন দুজন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৫৩ রান তুলেছে বাংলাদেশ।
২০তম ওভারে সাজিদ খানকে টানা দুই চারে আত্মবিশ্বাসের প্রমাণ রাখলেন লিটন।
প্রথম সেশন শেষের আগে বল ফাঁকি দিল সবাইকে!
২৩তম ওভারে নোমান আলীর বল সামনের পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাট সরিয়ে নেন মুশফিক। ফুল পিচ ডেলিভারিটিতে শেষ পর্যন্ত চোখ রাখতে পারেননি পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। বল সবাইকে ফাঁকি দিয়ে সীমানা পেরিয়ে যায়। বেশ মজার দৃশ্য!
২৩ ওভার শেষে ৪ উইকেটপে ৭২ রান তুলেছে বাংলাদেশ। মধ্যাহৃভোজে গেল দুই দল। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ এখনো ১৪১ রানে পিছিয়ে। ১৬ রানে অপরাজিত মুশফিক। ২৭ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন লিটন।
প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার ব্যাট করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬ ওভারের মধ্যে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয়ে ফলোঅনে পড়ে মুমিনুলের দল। অর্থাৎ, বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে প্রথম সেশনে ২৯ ওভার ব্যাট করে হারিয়েছে মোট ৭ উইকেট। রান উঠেছে ৮৩।
কামিন্সের আগুনে পুড়েছে ইংল্যান্ড
ব্রিসবেনে গ্যাবায় শুরু হয়েছে অ্যাশেজ। আজ প্রথম দিনে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। ১৪৭ রানে অলআউট হয় জো রুটের দল।
আবিদ আলীর আতিথেয়তা
মধ্যাহ্নভোজনের বিরতি শুরু হয়েছে। দুই দলের খেলোয়াড়েরা ফিরেছেন নিজেদের ড্রেসিংরুমে। পাকিস্তানের ড্রেসিংরুম থেকে আবিদ আলী একটি পাত্রে করে খাবার এনে ছিটিয়ে দিলেন বিড়ালটির সামনে। বাধ্য ছেলের মতো বিড়ালটি খেতে শুরু করল। পুরো খাবারটুকু বিড়ালের সামনে রেখে মধ্যাহ্নভোজন ভাগ করে নেন পাকিস্তানি ওপেনার। পাকিস্তান ক্রিকেট এ ঘটনার ভিডিও টুইট করেছে।
পঞ্চাশ রানের জুটি!
বিষ্ময়সূচক চিহৃের কারণ ঢাকা টেস্টে বাংলাদেশের তথৈবচ ব্যাটিং। এই টেস্টে এই প্রথমবারের মতো কোনো উইকেট জুটিতে পঞ্চাশ রানের দেখা পেল বাংলাদেশ।
আজ লিটন–মুশফিকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে এই রান তুলল বাংলাদেশ। ১০৪ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। এর আগে এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ১৯ রানের জুটির দেখা পেয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ ৪ উইকেটে ৮৪ রান তুলেছে। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে এখনো ১২৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ৩৬ রানে অপরাজিত লিটন। ১৯ রানে ব্যাট করছেন মুশফিক।
আউট!
অবিশ্বাস্য! ৪৫ রানে ভালোই ব্যাট করছিলেন লিটন দাস। ৩৪তম ওভারে সাজিদ খানের খাটো লেংথের বল টেনে মারতে গিয়ে স্কয়ার লেগে ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে দেন লিটন। অথচ, শটটি আরামে নিচে খেলা যেত। এর মধ্য দিয়ে লিটন–মুশফিকের ১৫০ বলে ৭৩ রানের জুটি ভেঙে গেল। ৫ উইকেটে ৯৮ রান তুলেছে বাংলাদেশ।
দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে এখনো ১১৫ রানে পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তানকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে পারবে স্বাগতিকরা?
সাতে সাকিব!
সকালে প্রথম সেশনেই বাংলাদেশের প্রথম ইনিংসেই ব্যাটিংয়ে নেমেছেন। একটু বিশ্রাম নিতেই হয়তো দ্বিতীয় ইনিংসে দেরি করে নামলেন সাকিব আল হাসান। সাতে ব্যাটিংয়ে নেমেছেন তিনি। মুশফিকের সঙ্গে জুটি গড়ে সাকিব পারবেন বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করতে?
বাংলাদেশের প্রথম ইনিংসেও সাতে ব্যাট করেছেন সাকিব।
সাকিবের সাতকাহন
ঢাকা টেস্টের আগে এ সংস্করণে এর আগে ১৬বার ব্যাটিং অর্ডারে সাতে ব্যাট করেছেন সাকিব।
তবে এই টেস্টের আগে সাকিব সর্বশেষ এ পজিশনে ব্যাট করেছেন প্রায় এক দশক আগে। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সাতে ব্যাট করেন সাকিব।
এই টেস্টের আগে তিন সংস্করণ মিলিয়ে সাকিব সর্বশেষ সাতে ব্যাট করেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচে।
১০০
৩৬তম ওভারে ১০০ রান পেরিয়ে গেল বাংলাদেশ। ৫ উইকেটে ১০২ রান উঠেছে স্কোরবোর্ডে। ২৫ রানে ব্যাট করছেন মুশফিক। অন্য প্রান্তে ৩ রানে অপরাজিত সাকিব।
দুর্দান্ত ড্রাইভ!
টানা তিন চার!
৩৯তম ওভারে হাসান আলীকে টানা তিন চার মারলেন সাকিব। এর মধ্যে শেষটি সম্ভবত আজ শেষ দিনে এ পর্যন্ত সেরা ড্রাইভ। একটু বাইরে হাফ ভলি করেছিলেন হাসান। সাকিব ড্রাইভ খেলে ব্যাটটা শুধু ধরে রাখলেন। আলোকচিত্রীদের জন্য লোভনীয় দৃশ্য!
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২১ রান তুলেছে বাংলাদেশ। ষষ্ট উইকেটে ৪৬ বলে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েছেন সাকিব–মুশফিক।
মুশফিকের ইনিংসের অপমৃত্যু
রান আউট হয়ে ফিরলেন মুশফিকুর রহিম। চা বিরতির ঠিক আগ দিয়ে রান আউট হওয়া! ফেরার সময় মুশফিক নিজেই নিজের ওপর বিরক্তি প্রকাশ করলেন। ৪৮ রান করে লড়াইটা করছিলেন। সাকিব আল হাসানের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু ভুল সময়ে ভুল সিদ্ধান্তের খেসারত দিলেন তিনি। পাকিস্তানি বাঁ হাতি স্পিনার নোমান আলীর বলে স্কয়ার লেগের দিকে ঠেলেছিলেন সাকিব। কিছুটা দোটানায় ছিলেন, রানটা নেবেন কিনা! কিন্তু মুশফিক কল দিলেন। স্কয়ার লেগ থেকে আবদুল্লাহ শফিকের থ্রো ধরে স্টাম্প ভেঙে দিলেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। রান আউটের সিদ্ধান্তটি নিতে টিভি আম্পায়ারকে দীর্ঘক্ষণ ফুটেজ দেখতে হলো, সব ক্যামেরার অ্যাঙ্গেল থেকেই। মুশফিক ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু ঝাঁপ দেওয়ার সময় তাঁর ব্যাট ছিল হাওয়ায়।
সাকিবের ৪ হাজার
ঢাকা টেস্টের আগে এ সংস্করণে সাকিবের মোট রান ছিল ৩৯৩৩। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৩ রানে আউট হন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারে সাজিদ খানকে চার মেরে টেস্ট ৪ হাজার রানের মাইলফলক টপকে যান সাকিব।
মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলকের দেখা পেলেন সাকিব।
দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ব্যাট করছেন সাকিব। ৬ উইকেটে ১৬০ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় সেশনের খেলা চলছে। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে নিজেদের দুই ইনিংস মিলিয়ে এখনো ৫২ রানে পিছিয়ে বাংলাদেশ।
পাকিস্তানকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোর দায়িত্বটা সাকিবের কাঁধেই। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে তিনি উইকেটে জমে গেলে ফলোঅন থেকে ড্রয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
সাকিবই দ্রুততম!
টেস্টে ন্যূনতম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন সাকিব। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো খেলোয়াড়েরা আগেই নাম লিখিয়েছেন এই অলরাউন্ড ক্লাবে।
সাকিব তাঁদের মধ্যে দ্রুততম। ক্যারিয়ারের ৫৯তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেলেন তিনি। ৬৯তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেয়েছিলেন বোথাম। সোবার্সের লেগেছে ৮০ ম্যাচ, ৯৭ ম্যাচ লেগেছে কপিল দেবের, ১০১ ম্যাচ ভেট্টোরির এবং ১০২ ম্যাচে এসে এই মাইলফলকের দেখা পেয়েছেন ক্যালিস।
প্রথম ফিফটি!
বাংলাদেশের প্রথম ইনিংসে কেউ অর্ধশতকের দেখা পাননি। সাকিবের ব্যাট থেকেই এসেছিল সর্বোচ্চ ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তুলে নিলেন সাকিব। এই টেস্টে এটাই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম অর্ধশতক।
৬২তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতক তুলে নেন সাকিব। ৫০ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে রয়েছেন মেহেদী হাসান। ৬ উইকেটে ১৭৮ রান তুলেছে বাংলাদেশ।
লিড নিতে পারবে বাংলাদেশ?
পঞ্চম দিনে তৃতীয় ও শেষ সেশনে পানিপানের বিরতির আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৫ রান তুলেছে বাংলাদেশ। ৬০ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। ১২ রানে এক প্রান্ত ধরে রেখেছেন মেহেদী হাসান।
পাকিস্তানের প্রথম ইনিংস থেকে নিজেদের দুই ইনিংস মিলিয়ে এখনো ১৮ রানে পিছিয়ে বাংলাদেশ।
বোলার বাবরের উইকেট!
বাংলাদেশের প্রথম ইনিংসে কাল বল করেছিলেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ছিল বাবরের প্রথম বোলিং। আজ দ্বিতীয় ইনিংসে খেলার শেষ ঘন্টার শুরুতে বল হাতে তুলে নেন পাকিস্তান অধিনায়ক। দ্বিতীয় বলেই মেহেদী হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুললেন বাবর।
এর মধ্য দিয়ে সপ্তম উইকেটে সাকিব–মিরাজের ১৩৯ বলে ৫১ রানের জুটি ভেঙে গেল। ৭ উইকেটে ১৯৮ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ১৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
চারপাশে সাতজন ফিল্ডার নিয়ে তাইজুলকে বল করছেন বাবর!
সাকিবও আউট!
মিরাজ আউট হওয়ার পর মাত্র ৮ বল টিকলেন সাকিব!
সাজিদ খানের বোল্ড হন বাংলাদেশের এ অলরাউন্ডার। ১৩০ বলে ৬৩ রান করা সাকিবের ব্যাটে লিড নেওয়ার পাশাপাশি ড্রয়ের স্বপ্নও দেখেছে বাংলাদেশ। তাঁকে আউট করার মধ্য দিয়ে বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে এরই মধ্যে ১০ উইকেটের দেখা পেলেন পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান।
৮ উইকেটে ২০০ রান তুলেছে বাংলাদেশ। নিজেদের দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে এখনো ১৩ রানে পিছিয়ে বাংলাদেশ।
ফিরলেন তাইজুলও
সাজিদ খানের আরও একটি উইকেট। ৭৯তম ওভারে তাইজুল ইসলামকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান তুলেছে বাংলাদেশ।
পাকিস্তানের প্রথম ইনিংস থেকে নিজেদের দুই ইনিংস মিলিয়ে এখনো ৯ রানে পিছিয়ে বাংলাদেশ।
শেষের রোমাঞ্চ!
শেষ বলে উঠেছিল ক্যাচ, তবে সেটা পড়েছে স্লিপের একটু আগেই। আপাতত বেঁচেছেন ইবাদত হোসেন। ইনিংস পরাজয় আটকাতে এখনো ৯ রান দূরে বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াইটা দিনের আলোর সঙ্গেও!
ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট করে ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানের জয় তুলে নিল পাকিস্তান।
৮৫তম ওভারে তাইজুল ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বাংলাদেশকে অলআউট করেন সাজিদ খান। পাকিস্তান ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দিয়েও পাকিস্তানের প্রথম ইনিংসের রান টপকে যেতে না পারায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। এর মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জিতল বাবর আজমের দল।
বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের খেসারত গুণে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। প্রথম দিনে ৫৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৬.২ ওভারের খেলা মাঠে গড়ায়। তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম তিন দিনে মাত্র ৬৩.২ ওভারের খেলা হয়েছে।
অর্থাৎ, ঢাকা টেস্টে প্রথম ও শেষ দুই দিন খেলেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানকে দুই ইনিংস দিয়েও টপকে যেতে না পারার এই ব্যর্থতা নিশ্চয়ই ভাবাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।
বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে কোনো শতক নেই। অর্ধশতক মাত্র একটি, সাকিব বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেন। প্রথম ইনিংসেও দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সাকিব। বাংলাদেশের প্রথম ইনিংসে ‘ডাক’সংখ্যা ৪টি।
ঢাকায় এই টেষ্ট স্মরণীয় হয়ে থাকবে সাজিদ খানের কাছে। ১২৮ রানে ১২ উইকেট নেন এ অফ স্পিনার। বাংলাদেশের প্রথম ইনিংসে নেন ৮ উইকেট, দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার ৪ উইকেট।