ফলোঅন নয় যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন সবচেয়ে বড় প্রশ্ন ছিল—ফলোঅন এড়াতে পারবে বাংলাদেশ?
কাল সকালে সাকিব একাই লড়ে গেলেন। কিন্তু তাতেও লাভ হয়নি। ২০৩ রানে অলআউট বাংলাদেশ প্রথম ইনিংসটা শেষ করেছে পাকিস্তানের চেয়ে ৩৫৪ রান পিছিয়ে। তবে কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েই বাংলাদেশকে ফলোঅন করালেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ যেটিকে ব্যাখ্যা করেছেন কৌশলগত সিদ্ধান্ত হিসেবে। তবে দিন শেষে সেই সিদ্ধান্ত বাংলাদেশকে কিছুটা সুবিধা দিয়েছে বলেই মনে করেন সাকিব আল হাসান।
কেন ফলোঅন করানো হয়নি বাংলাদেশকে, ব্যাখ্যা দিতে গিয়ে মুশতাক বলেছেন, ‘প্রথমত টেস্টে তখনো দুই দিনের বেশি বাকি। আর আমাদের পেসাররাও অনেক লম্বা স্পেল করেছে। তারা একটু ক্লান্ত ছিল। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটের আচরণও বদলাবে। সবকিছু বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’ যেহেতু পাকিস্তান টেস্টে খুব ভালো অবস্থানে আছে, কোনো তাড়াহুড়ো করতে চাননি তারা, ‘এটা টেস্ট ক্রিকেট, পাঁচ দিনের খেলা। আপনার যদি বাড়ি যাওয়ার তাড়া থাকে, তাহলে অন্য কথা। কিন্তু ১৮০ ওভারের চেয়ে বেশি খেলা বাকি, তাই আপনাকে পেশাদার খেলোয়াড়ের মতো আচরণ করতে হবে। খেলাটাকে শ্রদ্ধা করতে হবে।’
কিন্তু ৩৫৪ রানের লিডও কি জয়ের জন্য যথেষ্ট মনে হয়নি? পাকিস্তানের স্পিন কোচ সমীহই করছেন বাংলাদেশকে, ‘প্রতিপক্ষের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। ওরা খুবই ভালো দল। আমরা চেয়েছি যত বেশি পারা যায় স্কোরবোর্ডে রান জমা করতে।’
পাকিস্তানের সিদ্ধান্তে একটু বিস্মিত হওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক হয়েছে বলেও মনে করেন তিনি, ‘দিনের হিসাব করলে এতে বাংলাদেশের কিছুটা সুবিধাই হয়েছে। আমি আশা করিনি যে ওরা আবার ব্যাটিং করবে। কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে জানি না। তবে কাল (আজ) যদি আমাদের বড় কোনো জুটি হয়, তাহলে সেটা কিন্তু ওদেরকে চিন্তায় ফেলে দেবে।’