প্রথম দিনটা কেটেছে ব্রেন্ডন ম্যাককালামের হাতে বেধড়ক পিটুনি খেয়ে। বল অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নিল না। প্রথম দিনে ওভার দশেক খেলা না হলেও রান উঠেছিল ৪২৯, উইকেট পড়েছিল ৭টি। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে উইকেট পড়ল ১৩টি, রান মাত্র ২৩৪। এই বৈপরীত্যের শিকার হয়ে ফলোঅনে পড়া শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায়। কিউই পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়া দলটি দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৮৪ রান তুলেছে। তবে ইনিংস হার এড়াতেই এখনো দরকার আরও ২১৯ রান, খেলাও বাকি পুরো তিন দিন।
বোলারদের ঘুরে দাঁড়ানো শুরু নিউজিল্যান্ডের ইনিংসেই। ৭ উইকেটে ৪২৯ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকেরা ৩২ বলের মধ্যে আর মাত্র ১২ রান যোগ করেই অলআউট। লঙ্কানদের ক্ষণিকের এই স্বস্তি উবে যেতে সময় লাগেনি। ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কার হয়ে যা একটু লড়াই করলেন লাহিরু থিরিমান্নে (২৪) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (৫০)। এএফপি, ক্রিকইনফো।