ফলোঅনের শঙ্কায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশ হয়ে সাজঘরে ফিরছেন রোহিত শর্মা। ছবি: রয়টার্স
হতাশ হয়ে সাজঘরে ফিরছেন রোহিত শর্মা। ছবি: রয়টার্স

সাউদাম্পটনের ব্যাটিং সহায়ক পিচে কীভাবে বল করতে হয়, ভারতীয় বোলারদের যেন সেটারই নমুনা দেখালেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এই দুই ইংলিশ পেসারের দুর্দান্ত বোলিংয়ে ফলোঅনের আশঙ্কায় দুলছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২৮ রান সংগ্রহ করতেই ৮ উইকেট হারিয়েছে ধোনি বাহিনী। ফলোঅন এড়াতে এখনো ৪৭ রান দরকার ভারতের।
তৃতীয় দিন শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫০ রানে অপরাজিত আছেন বলেই হয়তো আশায় বুক বাঁধছেন ভারতের সমর্থকেরা। কিন্তু ফলোঅন এড়াতে পারলেও ভারত টেস্টটা বাঁচাতে পারবে কি না, তা নিয়ে যথেষ্টই সংশয় আছে। প্রথম ইনিংসে তারা এখনো পিছিয়ে আছে ২৪৬ রানের ব্যবধানে।
দ্বিতীয় দিনের শেষপর্যায়ে ব্যাট করতে নেমেই ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারিয়েছিল ভারত। গতকাল তৃতীয় দিনেও বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের জুটিটি গড়েছিলেন রোহিত শর্মা (২৮) ও আজিনকা রেহানে (৫৪)। দুজনকেই সাজঘরমুখী করেছিলেন মইন খান। ভারতের বাকি ছয়টি উইকেটই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন অ্যান্ডারসন ও ব্রড। দুজনেই পেয়েছেন তিনটি করে উইকেট। মুরলি বিজয় (৩৫), বিরাট কোহলি (৩৯) ও রবীন্দ্র জাদেজা (৩১) পেরিয়েছেন ৩০ রানের কোটা।