ফাঁকা মাঠে 'গোল' দেবেন সৌরভ?

আইসিসি চেয়ারম্যান পদের জন্য লড়ার খবর উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তাঁর সব ভাবনা পাকিস্তান ক্রিকেট নিয়ে। এ খবরটুকু গ্রায়েম স্মিথকে নিশ্চয়ই স্বস্তি দেবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এ পরিচালক ও সাবেক অধিনায়ক কিছুদিন আগে সোজাসাপ্টাই বলেছিলেন, সৌরভ গাঙ্গুলীকে তিনি আইসিসি সভাপতি হিসেবে দেখতে চান। ভারতের সাবেক এ অধিনায়ক এখন বিসিসিআই সভাপতি।
গতকাল এহসান অনলাইন সংবাদ সম্মেলনে বিষয়টি পরিস্কার করেন, 'আমি নির্বাচন করছি না। এটাই সত্যি।সংবাদমাধ্যমে আগেও বলেছিলাম। এই খবরটি এসেছে ভারত থেকে। আমাকে বেশ কয়েকজায়গা থেকে বলা হয়েছে নির্বাচনের ব্যাপারে, আমি আগ্রহ দেখাইনি। আইসিসিতে আমার আগ্রহ শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেই সম্পৃক্ত। আমাকে প্রধানমন্ত্রী ইমরান খান ফোন দিয়েছিলেন। আর আমি পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করেই কাজ করছি।'
এহসান সভাপতি হওয়ার প্রতিযোগিতায় না থাকায় পথ পরিস্কার হতে পারে সৌরভের। সংবাদমাধ্যমের মতে, আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে রইলেন শুধু সৌরভ। যদিও ভারতের সাবেক ওপেনার এ নিয়ে নিজের আগ্রহ এখনো প্রকাশ করেননি।
আইসিসির বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে এ বছরই। বিসিসিআই এখনো সরাসরি কিছু না বললেও সংবাদমাধ্যমের মতে, সৌরভই হতে পারেন আইসিসি সভাপতি পদের জন্য ভারতীয় বোর্ডের প্রার্থী।
ক্রিকেটের শীর্ষ এ সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক ভালো না। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল নিয়ে সম্প্রতি আইসিসি ও বিসিসিআইয়ের এক চোট কথার 'যুদ্ধ' হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়-সূচি নিশ্চিতে ঢিলেমি করায় আইসিসির সমালোচনা করে বিসিসিআই। বিশ্বকাপের ভাগ্য ঝুলে থাকায় বিসিসিআইও এই বছরের আইপিএলের পরিকল্পনা করতে পারছে না।