অস্ট্রেলিয়া থেকে সাকিবের বাংলা বার্তা

‘দেখ কে এসেছে দেশে!’
মেলবোর্ন রেনিগেডসের ফেসবুকে অফিশিয়াল পেজে এভাবেই স্বাগত জানানো হয়েছে এক অতিথিকে। কে এ অতিথি, বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ খেলতে সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়ায়। সাকিবকে বেশ ঘটা করেই স্বাগত জানিয়েছে রেনিগেডস।
আগামীকাল হোবার্ট হারিকেনসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের। মাঠে নামার আগে দর্শকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন বিশ্বসেরা এ টি-টোয়েন্টি অলরাউন্ডার। রেনিগেডস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বললেন, ‘খুব ভালো লাগছে। কালকের ম্যাচ খেলার অপেক্ষায় আছি। গতবার বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার রেনিগেডসের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই। আশা করি দলের জন্য অবদান রাখতে পারব। ব্যাট হাতে ১ রান করলাম বা বল হাতে ১ উইকেট নিলাম কিংবা ফিল্ডিংয়ে ১ রান বাঁচিয়ে দিলাম—এসব ব্যাপার নয়; আমি দলে অবদান রাখতে চাই। দল জিতলেই খুশি।’
এ পর্যায়ে প্রশ্নকারী দর্শক-সমর্থকদের উদ্দেশে কিছু বলার অনুরোধ করলে সাকিব জিজ্ঞেস করলেন, ‘বাংলায় বলি?’ অতঃপর বাঁ-হাতি অলরাউন্ডার বললেন, ‘সবাই সমর্থন করবেন। আশা করি আমরা অনেক ভালো করব। আমাদের প্রথম কয়েকটি ম্যাচ ভালো হয়নি। আশা করি সামনের ম্যাচগুলো আমরা ভালো করব এবং জিতব।’ তথ্যসূত্র: মেলবোর্ন রেনিগেডসডটকম।