ফাইনালে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫১ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংসের পথে মিচেল মার্শ l এএফপি
৫১ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংসের পথে মিচেল মার্শ l এএফপি

কেন রিচার্ডসনের নিরীহ স্লোয়ার মিড উইকেটে ঘুরিয়েই ছুটেছিলেন সিঙ্গেল নিতে। কিন্তু ততক্ষণে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ানদের উল্লাস! পেছন ফিরে ফাফ ডু প্লেসি দেখলেন নড়ে গেছে স্টাম্প, পড়ে আছে বেল! শটটি খেলতে গিয়ে পেছনের পা দিয়ে ভেঙে দিয়েছেন অফ স্টাম্প। হিট উইকেট! ডু প্লেসি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। ফেরার পথে কিছু একটা বলে এলেন অ্যারন ফাঙ্গিসোকে। কিন্তু ফাঙ্গিসো-মরকেলরা কি আর ম্যাচ জেতাতে পারেন!
বিরুদ্ধ স্রোতে একা সাঁতরেছেন ডু প্লেসি। ১০৯ বলে ১২৬ রানের অসাধারণ ইনিংসের পর কাউকে নায়ক না বলা কঠিন। ডু প্লেসিও নায়ক, তবে ট্র্যাজেডির। দুই দিন আগে জিম্বাবুয়ের কাছে হেরেছিল যে দল, বোনাস পয়েন্টসহ ৬২ রানের জয়ে সেই অস্ট্রেলিয়াই সবার আগে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে। অপরাজিত ৮৬ রানের পর ২ উইকেট—দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মিচেল মার্শ। জুনিয়র মার্শ ব্যবধান গড়ে দিয়েছেন আসলে ব্যাটিংয়েই। ৫ চার ও ৭ ছক্কায় ৫১ বলে অপরাজিত ৮৬, এটুকু আসলে বোঝাতে পারছে না মার্শের ইনিংসের মাহাত্ম্য। মন্থর উইকেটে গড়পড়তা সংগ্রহের শঙ্কা থেকে অস্ট্রেলিয়াকে জেতার মতো রান এনে দিয়েছেন তিনিই। ওপেনিংয়ে ৯২ বলে ৮৫ করেছেন ফিল হিউজ, তিনে নেমে ৬২ বলে ৩৬ স্টিভ স্মিথ। পরে মার্শের ঝড়ে শেষ ৫ ওভারে ৬০ তুলেছে অস্ট্রেলিয়া। টানা তিন বলে ছক্কা মেরেছেন স্টেইনকে, দুবার স্টেডিয়াম ছাড়িয়ে বল গেছে হারিয়ে। ক্যারিয়ারে এই প্রথম ওভারে তিন ছক্কা হজম করলেন স্টেইন।
বল হাতে পরে মার্শ ফিরিয়েছেন আমলা ও ডুমিনিকে। এক পাশে উইকেট পড়েছে নিয়মিত, আরেক পাশ থেকে মাঠের চারপাশে বল আছড়ে ফেলেছেন ডু প্লেসি। টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি ছুঁয়ে দলের আশা হয়ে ছিলেন আরও কিছুক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। টেন ক্রিকেট, ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮২/৭ (ফিঞ্চ ১৬, হিউজ ৮৫, স্মিথ ৩৬, ম্যাক্সওয়েল ২, বেইলি ৩২*, মার্শ ৮৬*, হাডিন ১১, জনসন ২, স্টার্ক ১*; স্টেইন ১/৬৪, ডুমিনি ০/২৪, ম্যাকলারেন ১/৫৬, তাহির ১/৪২, মরকেল ১/৫১, ফাঙ্গিসো ২/৩৯)।
দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২২০ (আমলা ১৭, ডি কক ১, ডু প্লেসি ১২৬, ডি ভিলিয়ার্স ৬, ডুমিনি ১৬, মিলার ৩, ম্যাকলারেন ২৪, স্টেইন ৫, ফাঙ্গিসো ৩*, মরকেল ০, তাহির ২; জনসন ২/৩০, ম্যাক্সওয়েল ২/২২, রিচার্ডসন ২/৩৮, স্টার্ক ০/৪৭, মার্শ ২/২৩, লায়ন ১/৫৩)।
ফল: অস্ট্রেলিয়া ৬২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ।