
ইংল্যান্ডের রান তাড়া যখন শুরু, স্টার স্পোর্টসের পর্দায় বারবার দেখানো হচ্ছিল পুরোনো কিছু স্কোরকার্ড। এই পার্থেই মাত্র ১২৬ রান করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়ের সমান এক টাই করেছিল ভারত। ১৬২ রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ে (৪/৪১) ভারতকে জিতিয়েছিলেন রজার বিনি। কাল ভারতের পুঁজি ছিল ২০০। বাবার স্মৃতি ফিরিয়ে আনছিলেন স্টুয়ার্ট বিনি। ভারত দেখছিল জয়ের আশা। মিল শেষ ওখানেই!
জেমস টেলর আর জস বাটলারের ব্যাটে ভারতের আশা শেষ পর্যন্ত দুরাশা। লো-স্কোরিং ম্যাচে এই দুজন গড়লেন শতরানের এক দুর্দান্ত জুটি, ৩ উইকেটের জয়ে ফাইনালে ইংল্যান্ড। টেস্ট সিরিজের পর ত্রিদেশীয় সিরিজেও জয়ের দেখা পেল না ভারত। অস্ট্রেলিয়া সফরে জয়বিহীন থেকে ধোনির দল কদিন পর শুরু করবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াই! আগামীকাল পার্থেই ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
এই মৌসুমে কালই প্রথম খেলা হলো পার্থে। ওয়াকার উইকেটও দেখা গেল খানিক নতুন চেহারায়। পিংপং বলের মতো বাউন্স আছেই, ঘাসের ছোঁয়াও ছিল। তবে এমনিতে গতিময় ওয়াকায় বিস্ময়করভাবে কিছু বল আসছিল থেমে, কিছু নিচু হয়েছে অস্বাভাবিক। জেমস অ্যান্ডারসনের একটি বল লেগেছে ধোনির মাথায়, ওই ওভারেই একই লেংথের বল নিচু হয়ে এলবিডব্লু ধোনি। ইয়ান বেলও এলবিডব্লু নিচু হওয়া বলে। লাফ দিয়েও কিছু বলের নাগাল পাননি উইকেটকিপার, কিছু ধরেছেন হাঁটুর নিচ থেকে! এসবই বলছে উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল কঠিন।
অথচ টস হেরে এই উইকেটেও ভারতের শুরুটা ছিল দারুণ। অজিঙ্কা রাহানে ও নিজেকে হারিয়ে খুঁজতে থাকা শিখর ধাওয়ান টিকে যান ২০ ওভার। উদ্বোধনী জুটি ৮৩ রানের। পরের ৮৩ রান করতেই নেই ৯ উইকেট! ৬৫ বলে ৩৮ রানের দাঁত কামড়ানো ইনিংস খেলে ধাওয়ান ফিরেছেন যথারীতি বাজে শটে। ১০১ বলে ৭৩ করে রাহানে কটবিহাইন্ড ফিনকে থার্ডম্যানে পাঠাতে গিয়ে। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া ফিন কালও সফলতম বোলার, উইকেট পেয়েছেন বাকি তিন পেসারও। আর ভারতকে পেলেই যিনি হয়ে ওঠেন ‘মঈনালিধরন’, সেই মঈন আলী কালও তুলে নিয়েছেন কোহলি ও রায়নার উইকেট! শেষ ব্যাটসম্যান শামির ছোট্ট ঝড় (১৮ বলে ২৫) আর ৩৫ রানের শেষ জুটিতে ভারত ছুঁতে পারে ২০০।
এই রানকেও মনে হচ্ছিল যথেষ্ট, যখন ৬৬ রানে ইংল্যান্ড হারাল ৫ উইকেট। ফর্মে থাকা ইয়ান বেলকে ফেরান মোহিত শর্মা। রুট-মরগান-বোপারাকে ফিরিয়ে মেরুদণ্ড ভেঙে দেন স্টুয়ার্ট বিনি। কিন্তু টেলর-বাটলারের ১২৫ রানের জুটি হারের শঙ্কা থেকে ইংল্যান্ড নিয়ে যায় জয়ের দোরগোড়ায়। সময়ের দাবি মেনে ১২২ বলে ৮২ টেলর, ৭৮ বলে ৬৭ বাটলার। ভারতের ব্যাটিংয়ের মতো প্রশ্নবিদ্ধ কাল ধোনির অধিনায়কত্বও। সেরা বোলার বিনিকে ২২ ওভারের পর আর বোলিংয়েই আনেননি! বিশ্বকাপের আগে বাড়তি দুটি দিন বিশ্রাম পাওয়া যাচ্ছে, এই ভেবে এখন তৃপ্তি পেতে পারে ধোনির দল। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৮.১ ওভারে ২০০ (রাহানে ৭৩, ধাওয়ান ৩৮, কোহলি ৮, রায়না ১, রায়ডু ১২, ধোনি ১৭, বিনি ৭, জাদেজা ৫, অক্ষর ১, মোহিত ৭*, শামি ২৫; ফিন ৩/৩৬, মঈন ২/৩৬, ওকস ২/৪৭, ব্রড ২/৫৬, অ্যান্ডারসন ১/২৪); ইংল্যান্ড: ৪৬.৫ ওভারে ২০১/৭ (বেল ১০, মঈন ১৭, টেলর ৮২, রুট ৩, মরগান ২, বোপারা ৪, বাটলার ৬৭, ওকস ৪*, ব্রড ৩*; বিনি ৩/৩৩, মোহিত ২/৩৬, শামি ১/৩১, অক্ষর ১/৩৯)।
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জেমস টেলর