ফাইনালে উঠতে নিউজিল্যান্ডকে করতে হবে ১৬৭

ম্যালান–মঈন আলীর ব্যাটে ইংল্যান্ড ১৬৬ রান তুললছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবির উইকেটে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ফর্মে থাকা জস বাটলারকে আগেভাগে ফিরিয়েছিল তারা। কিন্তু জেসন রয় না থাকলেও আজ ইংল্যান্ড রান পেল ডেভিড ম্যালান আর মঈন আলীর ব্যাট থেকে। এই দুইয়ের দারুণ ব্যাটিংয়েই প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬৬ রানের চ্যালেঞ্জ ছুড়েছে ইংল্যান্ড।

জনি বেয়ারস্টো আর জস বাটলারের ওপেনিং জুটিতে এসেছিল ৩৭ রান, ৫ ওভারের মধ্যেই। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট শুরু থেকেই ছিলেন কিছুটা খরচে। তবে কিউইরা ইংলিশদের প্রথম ধাক্কাটা দেয় অধিনায়ক কেইন উইলিয়ামসনের দুর্দান্ত এক ক্যাচে। অ্যাডাম মিলনের বলে ষষ্ঠ ওভারের প্রথম বলেই কাভার ড্রাইভ করেছিলেন বেয়ারস্টো। কিন্তু উইলিয়ামসন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন উইলিয়ামসন। বেয়ারস্টো আউট হন ১৭ বলে ১৩ রান করে।

ম্যালান করেছেন ৪২
ছবি: এএফপি

বাটলার অবশ্য এর পর বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ইশ সোধির বলে এলবিডব্লু হন নবম ওভারের প্রথম বলে। রিভার্স সুইপ করতে গিয়েছিলেন ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান, কিন্তু বলের লাইন মিস করে ফেলেন। আম্পায়ার আঙুল তোলার পর অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু আল্ট্রাএজে কিছুই ধরা পড়েনি। বাটলার ফেরেন ২৪ বলে ২৯ রান করে।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ম্যালান মঈন আলীকে সঙ্গে নিয়ে গড়েন ভালো একটা জুটি। এই জায়গাটাতেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় ইংল্যান্ড। ৪৩ বলে ৬৩ রানের জুটিটি খুব অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি উইকেট হারানোর ধাক্কা সামলাতে সহায়তা করে ইংলিশদের। ম্যালান ছিলেন দুর্দান্ত। বিশেষ করে অফ সাইডে দারুণ কাভার ড্রাইভে তিনটি বাউন্ডারি হাঁকান। মঈন প্রথমে ম্যালানকে সঙ্গ দিয়ে গেছেন কেবল। ম্যালানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪২ রান করে। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও একটি ছক্কা।

শেষ পর্যন্ত ইংলিশদের টেনে নিয়ে গেছেন মঈন আলী
ছবি: এএফপি

ম্যালান যখন ফেরেন তখন ১৫.২ ওভারে ১১৬ রান ইংল্যান্ডের। সেখান থেকে বাকি সময়ে দলের রান মঈন আলী আর লিয়াম লিভিংস্টোন নিয়ে গেছেন ১৬৬ রানে। আবুধাবির উইকেটে ভালো স্কোরই। মঈন ৩৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। তাঁর ব্যাট থেকে আসে ৩টি চার ও দুটি ছক্কা। লিভিংস্টোনের ছোট্ট ঝোড়ো ইনিংসটি ছিল ১০ বলে ১৭ রানের। তিনি চার ও ছয় মেরেছেন একটি করেই। শেষ ১০ ওভারে ৯৯ রান তুলেই উইলিয়ামসনদের চ্যালেঞ্জ জানাচ্ছে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

নিউজিল্যান্ডের বোলিংয়ে দারুণ কিছু ছিল না। বোল্টের বাজে দিন ছিল আজ। ৪ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। সাউদি ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সোধি ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। অ্যাডাম মিলনের ঝুলিতে গেছে এক উইকেট। এর পাশাপশি মিচেল স্যান্টনার ও জিমি নিশাম ছিলেন খরচে।