বাংলাদেশের ক্রিকেটে কে বড়—মাশরাফি বিন মুর্তজা নাকি সাকিব আল হাসান?
সিদ্ধান্তে পৌঁছানো হয়তো কখনোই হবে না। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব। আর মাশরাফি একটা অনুপ্রেরণার নাম। মাশরাফির লড়াই জেতার গল্প দেয় খাদের কিনার থেকে উঠে আসার শক্তি। সাকিব দেন সেই শক্তিকে সাফল্যে অনুবাদ করার সাহস। কাকে রেখে কাকে বড় বলবেন!
আজ সেই মাশরাফি-সাকিব মুখোমুখি। এমন নয় যে ক্রিকেট মাঠে এর আগে তাঁদের সম্মুখ সমর হয়নি। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আজকের লড়াইয়ে আছে অন্য রোমাঞ্চ। বিপিএলের প্রথম সেমিফাইনালে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানস জিতলে পূর্ণতা পাবে একটা ইতিহাস। ব্যাটসম্যান বা বোলার নয়, শুধু অধিনায়ক হিসেবে মাঠে দাঁড়িয়ে সাদামাটা একটা দলকে চূড়ান্ত সাফল্যের লড়াইয়ে পৌঁছে দেওয়া ইতিহাস নয় তো কি!
সাকিব আল হাসানের রংপুর রাইডার্স জিতলে আবারও বলা যাবে, ক্রিকেটে ব্র্যান্ড আর পারফরম্যান্সই শেষ কথা। আবেগ-অনুপ্রেরণা দিয়ে সাময়িক সাফল্য পেলেও আসল জায়গায় সব সময় সে অস্ত্র কাজে আসে না। পারফরম্যান্স দিয়েই তুলতে হয় পারফরম্যান্সের কাঁটা।
লিগ পর্বে দুই দলের দুই ম্যাচের একটিতে বহিষ্কারাদেশের কারণে সাকিব খেলেননি। সে ম্যাচে কুমিল্লা জিতলেও সাকিব ফেরার পর ফিরতি ম্যাচে জিতেছে রংপুর। প্রথম সেমিফাইনালটা তাই আসলে একটা ‘ফাইনাল’ই হয়ে যাচ্ছে মাশরাফি-সাকিবের মধ্যে। কিংবা কে জানে, তাঁদের লড়াই হয়তো এখানেও শেষ হবে না! কুমিল্লা-রংপুর ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে গেলেও পরাজিত দলের সম্ভাবনাও থাকবে। সন্ধ্যায় বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটসের মধ্যে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে কাল দ্বিতীয় সেমিফাইনালে জিতলে ফাইনাল খেলতে পারে তারাও।
রংপুর টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হলেও অজেয় নয়। কথাটা আরও একবার মনে করিয়ে দিয়ে কাল কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন, ‘আমরা দারুণ ছন্দে আছি এবং সেটা এখানেই থামাতে চাই না। তাদের কাছে হারা ম্যাচের ভুলগুলো শুধরে নিয়েছি। আশা করি সেগুলোর পুনরাবৃত্তি হবে না।’ চোট-আঘাতে আক্রান্ত কুমিল্লার জন্য সুসংবাদ, লিগ পর্ব খেলে চলে যাওয়ার কথা থাকলেও আন্দ্রে রাসেলকে তারা পাচ্ছে এই ম্যাচের জন্যও।
কুমিল্লার কোচের মতো রাসেলের স্বদেশি ড্যারেন স্যামিও প্রেরণা নিচ্ছেন লিগ পর্বে জেতা ম্যাচ থেকে। তবে আজ হারলেও আরেকটা সুযোগ থাকবে ভেবে নির্ভার হতে চান না রংপুর রাইডার্সের ক্যারিবীয় এই তারকা, ‘আমরা সেটা মাথায়ই আনতে চাচ্ছি না। শুধু জয়ের কথাই চিন্তা করছি সবাই। নিজেদের দেখছি ফাইনালে।’
শেষ পর্বের চার দলের মধ্যে কাল শুধু রংপুরই অনুশীলন করেছে মিরপুরে। বাকি তিন দলের খেলোয়াড়েরা সময় কাটিয়েছেন বিশ্রামে। অধিনায়ক কুমার সাঙ্গাকারাসহ ঢাকা ডায়নামাইটসের বিদেশি খেলোয়াড়েরা গলফ খেলেছেন। বরিশাল বুলসের দিনও কেটেছে প্রায় একইভাবে। ছুটির দিনে শুধু ক্রিস গেইলেরই যা একটু ব্যস্ততা ছিল। সেটাও টুর্নামেন্ট সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাৎকার দিতে হওয়ায়। প্রথম ম্যাচে যেমন মাশরাফি-সাকিব, এলিমিনেটর ম্যাচটাকে তেমনি বলতে পারেন সাঙ্গাকারা-গেইলের লড়াই। দুজন কাল দুভাবে দিন কাটালেও আজ লক্ষ্য থাকবে একই।
তবে এই ম্যাচের আগে বরিশালের চেয়ে অনেক দিক দিয়েই পিছিয়ে ঢাকা ডায়নামাইটস। লিগ পর্বে বরিশাল ৭ ম্যাচ জিতলেও মাত্র ৪ ম্যাচ জিতেই শেষ চারে উঠেছে ঢাকা। বরিশালের কাছে তো দুই ম্যাচেই হেরেছে! গেইল, কেভন কুপার, এভিন লুইসের মতো বিদেশিরা নিয়মিত ভালো খেলছেন বরিশালের হয়ে। লুইস তো চট্টগ্রামে দুই দলের প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটাই করলেন! স্থানীয়দের মধ্যে পেসার আল আমিনের আছে হ্যাটট্রিকসহ ৫ উইকেট। অন্যদিকে দেশি-বিদেশি মিলিয়েও ঢাকার পারফরমার খুব বেশি নেই। মুস্তাফিজ, মোশাররফ, নাসির—এই তো!