ফাইনালে তাকিয়ে ফিঞ্চ-ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ

মাইকেল ক্লার্কের বিশ্বাস, ফাইনালেই একটা বড় ইনিংস আসছে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। সেমিফাইনালে পরিস্থিত বুঝে নিজের স্বভাববিরুদ্ধ যে ইনিংসটি খেলেছেন, সেটিই নাকি বের করে আনবে আসল ফিঞ্চকে। তা আসল ফিঞ্চ না হয় বের হবেন, আসল ওয়ার্নারের দেখা কবে মিলবে? ম্যাচ তো বাকি কেবল এই একটিই!
টুর্নামেন্ট শুরুর আগে সম্ভাব্য বিশ্বকাপ তারকাদের একজন ছিলেন ওয়ার্নার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া ১৭৮ ছাড়া আর একটি ম্যাচেও ছুঁতে পারেননি এমনকি ৩৫-ও। ওয়ার্নারের উদ্বোধনী জুটির সঙ্গী ফিঞ্চ বিশ্বকাপ শুরু করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস দিয়ে। কিন্তু সেমিফাইনালের আগে কথা বলেনি তাঁর ব্যাটও। দুই ওপেনারের ধারাবাহিকতার অভাবে ভুগতে হচ্ছে দলকেও। প্রথম ম্যাচে ৫৭ রানের পর আর কোনো ম্যাচেই অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ছড়াতে পারেনি ৩০। দুই ওপেনারই এখন তাকিয়ে ফাইনালে।
ওয়ার্নারের বিশ্বাস, নিজের সেরাটা দিতে পারবেন মেলবোর্নের মহামঞ্চেই, ‘আমার মোটেও মনে হচ্ছে না যে ফর্মে নেই। ব্যাটে-বলে হচ্ছে যথেষ্টই ভালো। শুধু যেভাবে খুব সহজে আউট হয়ে যাচ্ছি, সেটি নিয়েই একটা ভাবনা হচেছ। কিন্তু উইকেটে প্রতিটি বলই তো আমার মাঝব্যাটে লাগছে। শুধু প্রথম ১০ ওভার কাটিয়ে দিতে হবে উইকেটে। আরেকটু আঁটসাঁট হয়ে ইনিংসটা টেনে নিয়ে যেতে হবে।’
সেমিতে ফিঞ্চ ৮১ করেছেন ১১৬ বলে। ইনিংসজুড়ে তাঁকে চেনা যায়নি। তবে যেভাবে খেলেই হোক, রান পাওয়াটাই আত্মবিশ্বাসী করে তুলেছে ফিঞ্চকে, ‘অবশ্যই ইনিংসটি খুব সাবলীল ছিল না। তবে লড়াই চালিয়ে রান পাওয়াটা ছিল দারুণ। শুরুতে ওরা দারুণ বোলিং করছিল, আমিও সব বল মারছিলাম ফিল্ডারদের কাছে। তবে সেই সময়টা কাটিয়ে বড় জুটিতে অবদান রাখতে পারাটা ছিল গুরুত্বপূর্ণ। দলে জায়গা নিয়ে চিন্তায় পড়িনি, কিন্তু অনুভব করছিলাম যে রান প্রয়োজন। আশা করি, এই ইনিংস বাজে সময়টা পার করিয়ে দিয়েছে। ফাইনালে অপেক্ষায় আছি আরও বড় রানের।’ সিডনি মর্নিং হেরাল্ড।