ফাইনালে প্রোটিয়াদের চান জাম্পা
গ্রুপের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এমন গ্রুপের সেরা দুইয়ে থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়া যথেষ্টই কঠিন। কিন্তু অ্যাডাম জাম্পা মনে হয় না ওসব নিয়ে খুব ভাবছেন। টুর্নামেন্ট শুরুর আগেই অস্ট্রেলিয়াকে ফাইনালে দেখছেন তিনি! সেই ফাইনালে প্রতিপক্ষ হতে পারে কারা, সেটিও বলে দিলেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার—দক্ষিণ আফ্রিকা!
বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টগুলোয় সফলতম দল অস্ট্রেলিয়া। এবারও তাই ফাইনাল খেলার স্বপ্ন দেখতেই পারেন জাম্পা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অবশ্য শুধু নিজের স্বপ্নের কথাই বলেননি, সম্ভাব্য প্রতিপক্ষের কথাও বলেছেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হয়, কোন দলটার সঙ্গে আমাদের ফাইনালে দেখা হতে পারে, আমি বলব দক্ষিণ আফ্রিকা।’
চ্যাম্পিয়নস ট্রফির নাম যখন নকআউট বিশ্বকাপ ছিল, এটির প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এর বাইরে আর কখনো আইসিসির টুর্নামেন্টে ফাইনালই খেলার অভিজ্ঞতা নেই প্রোটিয়াদের।
তারপরও জাম্পা কেন দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখছেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন দেশের হয়ে ২২টি ওয়ানডে খেলা স্পিনার, ‘আমি যত দলের বিপক্ষে ওয়ানডে খেলেছি, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ওদের ব্যাটিং-বোলিং দুর্দান্ত। ওয়ানডের এক নম্বর র্যাঙ্কিং থেকেও ওরা আমাদের সরিয়ে দিয়েছে। তার মানে ওরা ভালো ছন্দে আছে।’
শুধু দক্ষিণ আফ্রিকাই ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর নয়, দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। সম্প্রতি সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটাও (৩১ বল) তাঁর। ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হলে ডি ভিলিয়ার্স অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন বলেই মনে করেন জাম্পা, ‘ওর বিপক্ষে যখন বল করবেন, একটা ভয়ের ব্যাপার তো আছেই। তার বিপক্ষে আমার খুব একটা সাফল্য নেই, তবে আমরা মুখোমুখিই হয়েছি খুব কম ম্যাচে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।