ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে পরশুই ফাইনাল নিশ্চিত করেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। কাল আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও নিশ্চিত করল ২৯ নভেম্বরের ফাইনালে তারাই হচ্ছে ভারতের প্রতিপক্ষ। ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের যুবারা কাল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৮ উইকেটে।
বাংলাদেশের যুব দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৫ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে কাল তারা ২৬.২ ওভারে অলআউট হলো ৯৯ রানে। ২৪.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শুরুতে অবশ্য হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দলকে ২৯ রানে রেখেই আউট দুই ওপেনার জয়রাজ শেখ (৮) ও সাইফ হাসান (৭)। নাজমুল হাসানকে নিয়ে এরপর আর দলকে বিপদে পড়তে দেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নাজমুল ৩৮ ও মিরাজ ৩৭ রানে অপরাজিত ছিলেন।
টসজয়ী আফগান যুবাদের শুরুটা হয়েছিল ভালোই, উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারেই তুলে ফেলে ৩৪ রান। কিন্তু ১১ বলের মধ্যে ৪ রান তুলতেই ৪ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলটির ইনিংসে সর্বোচ্চ ২৭ রান আট নম্বর ব্যাটসম্যান তারিকের।
আফগানদের বিপক্ষে আগের ম্যাচে ৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ কাল ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন অফ স্পিনার সাইদ সরকারও। এ ছাড়া বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ২ উইকেট ও অধিনায়ক মিরাজ অফ স্পিনে পেয়েছেন ১ উইকেট।