ফাইনালে ভারতকে হারাতে পারলে 'নতুন নাচ'

>অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা জিততে পারলে উদযাপনে নতুন কিছু দেখানোর কথা জানালেন যুবা পেসার তানজীম হাসান
১৯৯৭ আইসিসি ট্রফি বাদ দিলে ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আজ প্রথম ফাইনাল খেলবে বাংলাদেশ। জাতীয় দল নয় অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশকে এ গৌরব এনে দিয়েছে। পচেফস্ট্রুমে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জমজমাট এ ম্যাচের আগে বাংলাদেশের যুবাদের সঙ্গে মনের অনুভূতি জানার চেষ্টা করেছে আইসিসি। অধিনায়ক আকবর আলীর মতে, ফাইনালটা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘মাইলফলক’-এর ম্যাচ। তবে অধিনায়কের মতো তানজীম হাসান সাকিবও ফাইনালকে আর দশটা সাধারণ ম্যাচের চোখেই দেখছেন।
ফাইনালের চাপটা কমাতেই সম্ভবত ম্যাচটা সাধারণ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। এ কাঁচা বয়সে তাদের পরিণত মস্তিষ্ক অবশ্যই প্রশংসার দাবি রাখে। ফাইনাল নিয়ে আইসিসির ভিডিও প্রোগ্রামে পেসার তানজীম সরাসরিই বললেন, ‘নির্ভার লাগছে। অন্য সব সাধারণ ম্যাচের মতোই দেখছি।’ আইসিসির এ অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমীদের করা প্রশ্ন বাছাই করে বলা হয় খেলোয়াড়দের। প্রথম প্রশ্নটা ছিল—দেশকে প্রথম ফাইনালে নিয়ে যাওয়ার অনুভূতিটা কেমন?
১৭ বছর বয়সী তানজীমের জবাব, ‘বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে সব সময়ই ভালো লাগে। এটা সৌভাগ্যের ব্যাপার। আর দেশকে প্রথম ফাইনালে তোলা তো অবশ্যই বড় ব্যাপার। আশা করি ফাইনাল জিততে পারব।’ তানজীম জানালেন, যুব ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে দুই বছর আগে থেকে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনকে আদর্শ মানা তানজীম কোয়ার্টার ফাইনালে প্রোটিয়া যুবাদের বিপক্ষেই নিয়েছিলেন ২ উইকেট। আজ ফাইনালে ভারতের অধিনায়ক প্রিয়ম গার্গের উইকেট নিতে চান তানজীম।
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে মাঠেই দারুণ নেচেছিলেন যুবা ক্রিকেটাররা। ফাইনাল জিতলেও কি নতুন কোনো নাচ দেখা যাবে—এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। তানজীমের জবাব, ‘ফাইনাল জিতলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন।’ সঞ্চালক এরপর জিজ্ঞেস করেন দলে এমন কেউ আছে যিনি খেলোয়াড়দের নাচ শিখিয়েছেন? রহস্যটা ভেঙে দিয়ে তানজীম বলেন, ‘আমাদের ফিল্ডিং কোচ। তিনি নাচ পছন্দ করেন। তিনি আমাদের শিখিয়েছেন।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন।